Advertisement
E-Paper

মাঝ-আকাশে বিমানের দরজা খুলে লাফ দিয়ে নামতে গেলেন যাত্রী! হাত বেঁধে শান্ত করতে হল তরুণকে, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, যাত্রী বিমান থেকে নামার জন্য মরিয়া হয়ে জরুরি অবতরণের দরজাটি খোলার চেষ্টা করেন। ব্রাজ়িলের পুয়ের্তো রিকো থেকে শিকাগোগামী ওই বিমানের অন্য যাত্রীরা তাঁকে ধরে ফেলেন এবং তাঁর হাত বেঁধে দেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ০৭:৫৭

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

মাঝ-আকাশে বিমানের দরজা খুলে লাফ দেওয়ার চেষ্টা করলেন এক যাত্রী। কোনও রকমে হাত-পা বেঁধে আটকানো হল তাঁকে। ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেলেন অন্যান্য যাত্রী ও বিমানকর্মীরা। আমেরিকার একটি এয়ারলাইন্সের বিমানে চড়ে ওই কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে গত ৩১ মে, শিকাগোর ও’হেয়ারগামী ফ্রন্টিয়ার এয়ারলাইনসের একটি বিমানে। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, যাত্রী বিমান থেকে নামার জন্য মরিয়া হয়ে জরুরি অবতরণের দরজাটি খোলার চেষ্টা করেন। ব্রাজ়িলের পুয়ের্তো রিকো থেকে শিকাগোগামী ওই বিমানের অন্য যাত্রীরা তাঁকে ধরে ফেলেন এবং তাঁর হাত বেঁধে দেন। সংবাদ প্রতিবেদন অনুযায়ী ওই যাত্রী মদ্যপ অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছেন। ওই যাত্রী মাঝ-আকাশে থাকা বিমানের দরজা খোলার চেষ্টা করেন, কারণ তিনি মাঝপথে নামতে চেয়েছিলেন। দরজা খোলার চেষ্টা করতেই অন্যান্য যাত্রী বাধা দেন তাঁকে। বাদবাকি যাত্রীরা তাঁকে জরুরি দরজাটি খুলতে দেখে তাঁকে ধরে বেঁধে ফেলেন। ভিডিয়োয় দেখা গিয়েছে হাত বাঁধা থাকা সত্ত্বেও মদ্যপ যাত্রী নিজেকে মুক্ত করার জন্য ছটফট করছিলেন। বহু চেষ্টার পর তাঁকে বাগে আনা সম্ভব হয়। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‘এভিয়েশন ব্রেকিং নিউজ়’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে সেটি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে উদ্ধৃত করে বলা হয়েছে, বিমানকর্মীরা যাত্রীর তৈরি করা বিশৃঙ্খলার কথা জানানোর পর সেটিকে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। ওই যাত্রীকে বিমানের কর্মীরা বার বার আসনে বসে থাকার অনুরোধ করা সত্ত্বেও তিনি চালকের কেবিনে প্রবেশের চেষ্টাও করেন। কর্মীদের আক্রমণ করে বসেন যাত্রী। ভিডিয়োটিতে প্রায় সাড়ে চার হাজার নেটাগরিক লাইক দিয়েছেন। এক ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্য করেছেন, ‘‘আমি অবাক হচ্ছি যে প্লেনে হাতকড়া থাকে না।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy