E-Paper

পড়তি সূচকে ছড়াচ্ছে আতঙ্ক, বাজার ছাড়ল ৮৮ হাজার কোটির বিদেশি লগ্নি

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে বাড়তে থাকা উদ্বেগ তো রয়েছেই। সেই সঙ্গে ডলারের সাপেক্ষে টাকার দামের নাগাড়ে পতন এবং বিশ্ব বাজারে ঊর্ধ্বমুখী অশোধিত তেলের দাম ভারতের আর্থিক বৃদ্ধি এবং কর্পোরেট সংস্থাগুলির হিসাবের খাতায় প্রভাব ফেলতে পারে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ০৭:১৪

—প্রতীকী চিত্র।

পরিসংখ্যান বলছে, চলতি মাসে এখনও পর্যন্ত প্রতিটি লেনদেনে শেয়ার বিক্রি করে ভারত থেকে পুঁজি তুলেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। ফলে তিন সপ্তাহের মধ্যে দেশ থেকে বেরিয়ে গিয়েছে ৮৮,১৮০ কোটি টাকা। যা আশঙ্কা বাড়িয়ে চলতি বছরের প্রথম তিন মাস পার হওয়ার আগেই তাদের তুলে নেওয়া লগ্নির অঙ্ককে এক লক্ষ কোটি টাকা পার করে দিয়েছে। যদিও এখনও পর্যন্ত মার্চের বিক্রি ২০২৪-এর অক্টোবরে নজিরবিহীন ৯৪,০১৭ কোটি থেকে কম। তবে মাসের শেষে নতুন নজির তৈরির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বাজার মহল।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে বাড়তে থাকা উদ্বেগ তো রয়েছেই। সেই সঙ্গে ডলারের সাপেক্ষে টাকার দামের নাগাড়ে পতন এবং বিশ্ব বাজারে ঊর্ধ্বমুখী অশোধিত তেলের দাম ভারতের আর্থিক বৃদ্ধি এবং কর্পোরেট সংস্থাগুলির হিসাবের খাতায় প্রভাব ফেলতে পারে। বিদেশি লগ্নি সংস্থাগুলির মুখ ফেরানোর অন্যতম কারণ এগুলি। গত মাসে ২২,৬১৫ কোটি টাকার বিদেশি লগ্নি এসেছিল। যা ছিল ১৭ মাসে সর্বাধিক। অনিশ্চিত এবং অস্থির বাজারে তাই সেই লগ্নির মুনাফা তুলে নেওয়াও শেয়ার বিক্রির আর একটি কারণ।

মর্নিংস্টার ইনভেস্টমেন্ট রিসার্চ ইন্ডিয়ার প্রিন্সিপাল ম্যানেজার হিমাংশু শ্রীবাস্তব অবশ্য বলছেন, আমেরিকার সরকারি বন্ডের ইল্ড বাড়ছে। ডলারের ওই বন্ড কিনছেন বিদেশি লগ্নিকারীরা। তাই ভারতের মতো উন্নয়নশীল দেশের বাজারে ঝুঁকি নিতে চাইছেন না। এখানে টাকা দুর্বল। অশোধিত তেলের চড়া দাম নিয়ে দুশ্চিন্তা রয়েছে। দেশের আর্থিক বৃদ্ধি ও শিল্পের উন্নতি নিয়ে তাই আস্থা কমছে।


(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Foreign Investors Foreign investment Indian Economy US-Israel vs Iran West Asia Share Market

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy