নতুন বছরেও কলকাতায় আবাসন বিক্রির হাল তথৈবচ। বিশেষজ্ঞ সংস্থা নাইট ফ্র্যাঙ্কের তথ্য বলছে, জানুয়ারিতে বৃহত্তর কলকাতা এলাকায় আবাসন বিক্রি তথা সরকারি খাতায় নথিভুক্তি গত বছর জানুয়ারির চেয়ে কমেছে ৪১%। যা প্রায় দু’বছরে সর্বনিম্ন। ডিসেম্বরের তুলনায় তা নেমেছে ৪৫%। জানুয়ারিতে মোট বাড়ি নথিভুক্ত হয়েছে ৩০৫২টি। ২০২৫-এর প্রথম মাসে এই সংখ্যা ছিল ৫১৩৪। শেষ দেড় বছরের মধ্যে সবচেয়ে বেশি আবাসন বিক্রি হয়েছিল গত অগস্টে, ৬১৯৬টি।
সংস্থার পরিসংখ্যান জানাচ্ছে, ২০২০ সালে করোনার মধ্যে বিপুল ধাক্কা খেয়েছিল আবাসন ক্ষেত্র। তার পরে ২০২১ সাল থেকে ২০২৬-এর জানুয়ারির হিসাবে তার আগের ডিসেম্বরের তুলনায় কলকাতায় আবাসন বিক্রির হাল ছিল খুব খারাপ। ২০২৩ সাল বাদে চার বছরে এই সময় বিক্রি কমেছে যথাক্রমে ২০%, ৪০%, ৬৮%, ১০%। একমাত্র ২০২৩ সালের প্রথম মাসেই বিক্রি বেড়েছিল ২৮%। তার উপরে গত এক বছরের মধ্যে আবার শহরে কমদামি ও সাধ্যের আবাসন বিক্রি অনেকটা কমেছে। আগে যেখানে ৫০০ বর্গফুট পর্যন্ত আবাসন বিক্রির হার ছিল মোট বিক্রির ৫২%। তা এ বছর কমে হয়েছে ৩০%। আর ৫০১-১০০০ বর্গফুটের আবাসনের ৪৪% থেকে বেড়ে হয়েছে ৫৯%। পাশাপাশি, বড় ও বিলাসবহুল আবাসনের বিক্রি ৪% থেকে বেড়ে হয়েছে ১১%।
শহরের এক প্রথম সারির আবাসন সংস্থার কর্তা জানান, এই তথ্য থেকে স্পষ্ট যে সাধারণ মানুষের হাতে টাকা নেই। ফলে তাঁরা বাড়ি কিনতে পারছেন না। যা সামগ্রিক নির্মাণ ক্ষেত্রের জন্য অত্যন্ত নেতিবাচক। যদিও নাইট ফ্র্যাঙ্কের চেয়ারম্যান শিশির বৈজল বলেন, ‘‘বছরের শেষের দিকে সাধারণত ফ্ল্যাট-বাড়ির চাহিদা বাড়ে। বছরের শুরুতে সেটাই বেশ খানিকটা কমে যায়। মোটের উপরে এটাই স্বাভাবিক প্রবণতা। তবে এবারের চাহিদা কমার ছবি সাময়িক বলেই মনে হচ্ছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)