E-Paper

সরল হচ্ছে কর রিটার্ন, শিথিল প্যান কার্ডের ব্যবহারও! নতুন আয়কর বিধির খসরা প্রকাশিত

আয়কর বিশেষজ্ঞ নারায়ণ জৈন মনে করেন, অনেক ক্ষেত্রে করের বোঝা কমানো হলেও, আগের থেকে বাড়ানো হয়েছে জরিমানা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৩
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নতুন আয়কর আইন চালু করার আগে সে ব্যাপারে সংশ্লিষ্ট সমস্ত পক্ষের মতামত জানার জন্য সোমবার তার খসড়া প্রকাশ করল কেন্দ্রীয় আয়কর বিভাগ। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে খসড়া রিটার্ন ফর্মও। খসড়া আয়কর বিধিতে রয়েছে নিয়ম বদলের একগুচ্ছ প্রস্তাব। যার এক দিকে রয়েছে আগে থেকে পূরণ করে আসা রিটার্ন ফর্ম-সহ কর জমার পদ্ধতি সরল করার ব্যবস্থা, কর সংক্রান্ত একগাদা ফর্মকে ছেঁটে সংখ্যা কমিয়ে আনা কিংবা করদাতাদের বোঝার সুবিধার জন্য সহজ-সরল ভাষার ব্যবহার। অন্য দিকে বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে প্যান জমা দেওয়ার সীমা বেড়েছে, বোঝা কমেছে করের, দেওয়া হয়েছে ভাতার সুবিধা। ক্রিপ্টোর ক্ষেত্রে কড়া হয়েছে নজরদারির ব্যবস্থা।

কর বিভাগের দাবি, নিয়ম সহজ করা, জটিলতা কমানো, ভাল ভাবে প্রযুক্তির ব্যবহার এবং করদাতাদের বোঝা কমানোর উদ্দেশ্যেই নতুন কাঠামো গড়া হয়েছে। যদিও আয়কর বিশেষজ্ঞদের একাংশের মতে, আয়কর আইনকে আগের থেকে সরল করা হলেও, অনেকে ক্ষেত্রে ধারাগুলি করদাতাদের স্বার্থ কতটা রক্ষা করতে পারবে তা নিয়ে সংশয় থাকছে। এই আবহে নতুন আয়কর বিধি ঘিরে বিভিন্ন মহলে শুরু হয়েছে চর্চা।

আয়কর বিশেষজ্ঞ নারায়ণ জৈন মনে করেন, অনেক ক্ষেত্রে করের বোঝা কমানো হলেও, আগের থেকে বাড়ানো হয়েছে জরিমানা। উদাহরণ হিসাবে জৈন জানান, করদাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা হিসাবের খাতায় নগদ টাকা জমা পড়লে তিনি যদি ওই টাকার উৎস প্রমাণ করতে না পারেন, তা হলে আগে ওই টাকার উপর করের হার ছিল ৭৮% এবং জরিমানা দিতে হত করের ১০%। নতুন ব্যবস্থায় কর ৩৭.৬% করা হলেও জরিমানা হয়েছে করের ২০০%। সম্পত্তি-সহ কিছু ক্ষেত্রে বিক্রির সময় করদাতার প্রকৃত আয়ের থেকে ধরে নেওয়া আয়ের (ডিমড ইনকাম) অঙ্ক সরকারি নথিতে অনেক সময় বেশি থাকে। সরকারি নথিতে উল্লিখিত আয়ের উপরই করদাতাকে কর গুনতে হয়। জৈন বলেন, ‘‘এটা অযৌক্তিক এবং করদাতার স্বার্থ বিরোধী। আশা করেছিলাম নয়া আইনে সংশোধিত হবে। কিন্তু হয়নি।’’

আগামী এপ্রিল থেকে নতুন আয়কর ব্যবস্থা কার্যকর হওয়ার কথা। এ মাসের ২২ তারিখের মধ্যে করদাতা, পেশাদার, শিল্প-সহ বিভিন্ন মহলকে খসড়া নিয়ে মতামত জানাতে ডাক দিয়েছে আয়কর বিভাগ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Income Tax

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy