চড়া শুল্ক এবং ভূ-রাজনৈতিক সমস্যার হাত থেকে দেশের আমদানি-রফতানি ক্ষেত্রকে সুরক্ষিত রাখার লক্ষ্যে নিউ জ়িল্যান্ডের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করে ফেলল মোদী সরকার। গত ডিসেম্বরে মাত্র ন’মাসের মধ্যে নজিরবিহীন ভাবে এ নিয়ে আলোচনা শেষ করে চুক্তি চূড়ান্ত করেছিল তারা। সোমবার নয়াদিল্লিতে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল এবং নিউ জ়িল্যান্ডের শিল্প-বাণিজ্যমন্ত্রী ডট ম্যাকলে সেই চুক্তিতেই সই করেন। সে দেশের সংসদ সায় দিলে এ বছরের শেষে তা কার্যকর হওয়ার আশা। সরকারি সূত্রের দাবি, এতে উপকৃত হবে ভারতের বস্ত্র, জুতো-সহ চামড়ার বিভিন্ন পণ্য, গয়নার মতো শ্রমনিবিড় ক্ষেত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, এ বার বিশ্বের জোগানশৃঙ্খলে আরও বেশি জায়গা করে নিতে পারবে ভারত। কৃষক, তরুণ প্রজন্ম, ছোট শিল্পের সামনে খুলে যাবে সুযোগ।
বিশেষজ্ঞদের দাবি, আমেরিকার শুল্কে ধাক্কা খাওয়া রফতানির জন্য বিকল্প বাজারের খোঁজ চালাচ্ছিল কেন্দ্র। পরে তাতে যোগ হয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। এই অবস্থায় রফতানিকে কিছুটা সুরাহা দেবে এই চুক্তি। কারণ, এর আওতায় নিউ জ়িল্যান্ডে বিনা শুল্কে পাঠানো যাবে এ দেশে তৈরি সমস্ত পণ্য। একই সুবিধা পাবে সে দেশের শিল্পও। ওই দেশ থেকে ভারতে আগামী ১৫ বছরের জন্য ২০০০ কোটি ডলারের লগ্নি আসাও নিশ্চিত করা হয়েছে চুক্তিতে। বিপুল সংখ্যক ভারতীয় কর্মী সেখানে কাজের সুযোগ পাবেন। সব মিলিয়ে পাঁচ বছরে দু’দেশের বাণিজ্য দ্বিগুণ হয়ে ৫০০ কোটি ডলার ছোঁবে। তবে নিউ জ়িল্যান্ডের কৃষি ও দুগ্ধজাত পণ্যের জন্য ভারত শুল্ক কমাচ্ছে না। চুক্তির শর্ত নিয়ে এর মধ্যেই সে দেশে আপত্তি জানিয়েছেন বিরোধীরা। ফলে সংসদে তা কবে পাশ হয়, তাই নিয়ে কিছুটা সংশয় আছে।
গয়ালের দাবি, ‘‘এই নিয়ে গত তিন বছরে সাতটি বাণিজ্য চুক্তি করলাম। শীঘ্রই ইউরোপীয়ইউনিয়ন এবং আমেরিকার সঙ্গেও তা সারবে ভারত।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)