পরামর্শদাতা সংস্থা অ্যাকসেঞ্চারের এক সতর্কবার্তাতেই শেয়ারবাজার থেকে উড়ে গেল লক্ষ কোটি টাকা। শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গে দালাল স্ট্রিটে রক্তক্ষরণ শুরু হয়। বিশ্বব্যাপী পরামর্শদাতা সংস্থা অ্যাকসেঞ্চারের আর্থিক বৃদ্ধির পূর্বাভাসের জেরে প্রযুক্তি খাতের শেয়ারগুলিতে বিপুল ধস নামে। আইটি খাতে মন্দার আশঙ্কায় ইনফোসিস-টিসিএসের শেয়ারে হয় বড় পতন। ফলে অপরিশোধিত তেলের দাম কমলেও নামতে থাকে শেয়ারবাজারের সূচক। তথ্যপ্রযুক্তি খাতের শেয়ার বিক্রির ধুম পড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মাথায় হাত। সংবাদমাধ্যম সূত্রে খবর, ২ লক্ষ কোটি টাকার সম্পদ উধাও হয়েছে কয়েক মিনিটের মধ্যেই। বেলা বারোটা নাগাদ ৭৯০ পয়েন্ট নিম্নমুখী বম্বে স্টক এক্সচেঞ্জ বা সেনসেক্সের সূচক।
আরও পড়ুন:
টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), ইনফোসিস, এইচসিএলটেক, টেক মাহিন্দ্রা এবং উইপ্রোর শেয়ারের দাম ৩.৩ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত কমেছে। অ্যাকসেঞ্চার তাদের বার্ষিক রাজস্ব বৃদ্ধির পূর্বাভাসের সর্বোচ্চ সীমা কমিয়ে এনেছে। বিশ্বব্যাপী পরামর্শদাতা সংস্থাটি তাদের সর্বশেষ আয়-সংক্রান্ত প্রতিবেদনে প্রযুক্তি খাতে ব্যয়ের ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগের কথা ঘোষণা করার পর শুক্রবার আইটি স্টকগুলি বিক্রি করে দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে ব্যাপক আগ্রহ ও আলোচনা চললেও, প্রযুক্তি খাতে গ্রাহকদের ব্যয় বাড়ানোর অনীহার বিষয়ে সতর্কবার্তার পর আরও কয়েকটি মাঝারি আকারের সফটওয়্যার সংস্থার শেয়ারের দামে পতন নজরে পড়েছে। কোফোর্জ, হেক্সাওয়ার টেকনোলজিস, সোনাটা সফটওয়্যার, টাটা এলক্সি এবং কেপিআইটি টেকনোলজিস-এর শেয়ারের দামও ব্যাপক ভাবে কমেছে।
মার্কিন-ইরান শান্তি চুক্তির পর অপরিশোধিত তেলের দাম কয়েক মাসের সর্বনিম্ন স্তরের কাছাকাছি রয়েছে। এর ফলে গত পাঁচটি সেশনে সেনসেক্স ও নিফটি, দু’টি বাজারই বেশ চাঙ্গা হয়েছিল। মুদ্রাস্ফীতি এবং ভারতের চলতি হিসাবের ঘাটতি সংক্রান্ত নিয়ে উদ্বেগ কমেছে। সাম্প্রতিক সেশনগুলোতে বিদেশি বিনিয়োগকারীদের বিক্রিও উল্লেখযোগ্য ভাবে কমেছে, অন্য দিকে শর্ট-কভারিংয়ের কারণে ব্যাঙ্কিং খাতের শেয়ারগুলিতে লাভের মুখ দেখতে পাচ্ছিলেন বিনিয়োগকারীরা। তবে আইটি খাতের স্টকগুলো চাপের মুখে পড়লেও বাজারের কিছু অংশ স্থিতিশীল রয়েছে। এনটিপিসি ১.০১ শতাংশ, সান ফার্মা ০.৬ শতাংশ, পাওয়ার গ্রিড ০.৪৯ শতাংশ, ট্রেন্ট ০.৪২ শতাংশ এবং ভারতী এয়ারটেলের স্টক ০.৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।