E-Paper

আমেরিকায় এইচ-১বি ভিসা বন্ধে বিল পেশ, চিন্তায় তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীরা

একটি আমেরিকার তথ‍্যপ্র‍যুক্তি বহুজাতিক সংস্থায় ২২ বছর ধরে কাজ করা বাগুইহাটির এক বাসিন্দা জানান, এই খবর অত্যন্ত নেতিবাচক। সত‍্যিই এই বিল আইনে পরিণত হলে বহু তথ‍্যপ্রযুক্তি কর্মী সমস‍্যায় পড়বেন। তিনি নিজেই একাধিকবার সে দেশে কাজের সূত্রে যান।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ০৬:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এইচ-১বি ভিসা বন্ধ করতে আমেরিকার কংগ্রেসে বিল পেশ করেছেন রিপাবলিকান দলের বেশ কয়েক জন সদস্য। তা গৃহীত হলে ভারতীয়-সহ বিদেশিদের সেখানে কাজ করতে যাওয়া কার্যত বন্ধ হবে। তাতে সমস্যা বাড়বে বিশেষত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের। দেশের বড় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি এ নিয়ে সরকারি ভাবে মন্তব্য করেনি। তবে এই প্রস্তাবে ভাল-মন্দ দু’দিকই দেখছে সংশ্লিষ্ট মহল। তাদের বক্তব্য, বিল পাশ হলে এক দিকে ভারতীয় তথ‍্যপ্রযুক্তি কর্মীদের জন‍্য এখানেই কাজের সুযোগ তৈরি করতে হবে। তাতে আখেরে দেশের লাভ। অন্য দিকে, বহু কর্মীকে আমেরিকা থেকে ফিরে আসতে হবে বা সেখানে যেতে পারবেন না। ফলে অনেকের কাজ হারানোর আশঙ্কাও থাকছে। এইচ-১বি ভিসার প্রায় ৭০ শতাংশই ভারতীয়দের দখলে। সংখ‍্যার হিসেবে তা ৩.৫ লক্ষের আশপাশে।

একটি আমেরিকার তথ‍্যপ্র‍যুক্তি বহুজাতিক সংস্থায় ২২ বছর ধরে কাজ করা বাগুইহাটির এক বাসিন্দা জানান, এই খবর অত্যন্ত নেতিবাচক। সত‍্যিই এই বিল আইনে পরিণত হলে বহু তথ‍্যপ্রযুক্তি কর্মী সমস‍্যায় পড়বেন। তিনি নিজেই একাধিকবার সে দেশে কাজের সূত্রে যান। ফলে চিন্তা থাকছেই। একই মন্তব্য গুগ্‌লে কর্মরত কলকাতার এক বাসিন্দারও। তাঁর মতে, এ বার আমেরিকার সংস্থাগুলিও ভারতীয় কর্মী নিয়োগের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকবে।

তথ‍্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তের বক্তব্য, এই বিল পাশ হলে মোটা বেতনের ভারতীয় কর্মীদের সমস্যা হবে না। সঙ্কটের মুখে পড়বেন কম বেতনের কর্মীরা। যাঁরা আমেরিকার ‘ভূমিপুত্রদের’ কাজ কাড়ছেন বলে নিজের প্রথম দফা থেকেই অভিযোগ করে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে সে দিক থেকে দেখলে এই সিদ্ধান্ত কার্যকর হলে উপকৃত হবেন আমেরিকার বাসিন্দারা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

H1B Visa USA Donald Trump IT Sector IT Company

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy