প্রায় তিন বছর বাদে ফের রাজ্যে চালু হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। সোমবার নতুন বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরে এ কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে এ বার উজ্জ্বলা যোজনা ৩.০ চালু হবে। এই ক্ষেত্রে মোট লক্ষ্যমাত্রা ছিল ১৫ লক্ষ। হয়েছে মাত্র ১.২৯ লক্ষ। বাকিটা এ বার হবে।’’ সমস্ত কেন্দ্রীয় প্রকল্পেই রাজ্যকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার, তারই অঙ্গ হিসেবে এই উদ্যোগ। উল্লেখ্য, পূর্বতন তৃণমূল সরকার কোনও কেন্দ্রীয় প্রকল্পে যোগ না দেওয়ায় উজ্জ্বলায় নতুন গ্রাহক নেওয়াও সাম্প্রতিককালে রাজ্যে বন্ধ ছিল। সংশ্লিষ্ট মহল মনে করছে, ফের তা চালু হলে বহু প্রান্তিক মানুষ কম খরচে গ্যাসের সংযোগ পাবেন। কিন্তু পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে যেখানে বুকিং-এর পরে সাধারণ গ্যাস পেতেই সমস্যা হচ্ছে এবং বাণিজ্যিকের দাম ছাড়িয়েছে ৩০০০ টাকা, সেখানে এই প্রকল্প ফিরলেও তার লক্ষ্যমাত্রা কতটা পূরণ হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
কেন্দ্রের পেট্রলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেলের তথ্য বলছে, গত ১ এপ্রিল পর্যন্ত এ রাজ্যে উজ্জ্বলা গ্রাহকের সংখ্যা ১.২৩ কোটি। দেশের মধ্যে পশ্চিমবঙ্গের আগে রয়েছে শুধু উত্তরপ্রদেশ (১.৯ কোটি)। সারা দেশে এই প্রকল্পের সুবিধা নেওয়া গ্রাহকের সংখ্যা প্রায় ১০.৫৮ কোটি। কিন্তু গত আড়াই-তিন বছর ধরে প্রকল্পে নতুন করে গ্রাহক নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। ইন্ডেন ডিস্ট্রিবিউটর্সদের সংগঠনের পক্ষে বিজন বিশ্বাস জানান, ‘‘এ বার নিশ্চয় রাজ্য যৌথ কমিটি তৈরি করবে। কাজ এগোবে।’’ তবে এই নতুন গ্রাহক যোগের আগে সিলিন্ডার সমস্যা সম্পূর্ণ কাটাতে সরকারের হস্তক্ষেপের আর্জিও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বর্তমানে উজ্জ্বলা গ্রাহক বছরে ৯টি সিলিন্ডারে বিশেষ ভর্তুকি পান। নিয়মিত ভর্তুকি বাদেও বাড়তি ৩০০ টাকা সহায়তা কেন্দ্রের তরফে দেওয়া হয়। সেই হিসাবে কলকাতা ও শহরতলির ক্ষেত্রে ৯৩৯ টাকার গ্যাসে ভর্তুকির অঙ্ক ৩১৯.৫৭ টাকা। সেখানে সাধারণ গ্রাহক পান মাত্র ১৯.৫৭ টাকা। ডিলারদের একাংশের বক্তব্য, প্রকল্পটি ফের চালু হবে, ভাল কথা। কিন্তু নিশ্চিত করতে হবে তা যেন ঠিক মানুষের কাছে পৌঁছয়। তার সঙ্গেই জরুরি সিলিন্ডারের সমস্যা সমাধান করা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)