শুল্ক যুদ্ধ জোরালো হয়েছে চিন, আমেরিকার মধ্যে। যার গভীর ছায়া কাঁপন ধরিয়েছে সারা বিশ্বের শেয়ার বাজারে। বাদ যায়নি ভারতও। ৩৫১.৫৬ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৩৩,০১৯.০৭ অঙ্কে। ধাক্কা এতটাই জোরদার ছিল যে এক সময় সূচকটি পড়ে গিয়েছিল প্রায় ৫৩৩ পয়েন্ট। নিফ্টি ১১৬.৬০ পড়ে থিতু হয়েছে ১০,১২৮.৪০-তে।
গতকাল ভারতীয় সময় গভীর রাতে চিনের ১,৩০০টি পণ্যে আমেরিকা ৫ হাজার কোটি ডলারের শুল্ক বসানোর তালিকা ঘোষণা করলেও, সকালে ভারতে সূচক বাড়ছিল। কিন্তু ১০৬টি মার্কিন পণ্যে একই পরিমাণ শুল্ক বসিয়ে চিনের পাল্টা তোপ দাগার খবর পৌঁছতেই দ্বিতীয়ার্ধে রং বদলায় বাজার। দ্রুত নামতে থাকে সূচক। একই ছবি দেখা গিয়েছে এশিয়া ও ইউরোপের প্রায় সব বাজারেই।
বিশেষজ্ঞদের আশঙ্কা, শুল্ক যুদ্ধের ছায়া আরও কিছু দিন ত্রস্ত রাখবে লগ্নিকারীদের। ফলে অন্তত কয়েক দিন অব্যাহত থাকতে পারে পতন।
ভারতে অবশ্য সূচকের পতনের আর এক কারণ ছিল, বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি পর্যালোচনার আগে এ দিন লগ্নিকারীদের সতর্ক পদক্ষেপ। বাজার সূত্রের খবর, এ বার সুদ কমে কি না তা না দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে চাননি লগ্নিকারীরা।
তবে অনেকেরই মতে, সূচক ওঠার মতো তেমন রসদ আপাতত না থাকায়, বাজার এমনিতেই এখন শীতল থাকবে। সঙ্গে যোগ হতে পারে শুল্ক যুদ্ধের ধাক্কা। স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান কমল পারেখ যেমন বলেন, ‘‘বাজারকে দমিয়ে রাখতে বাণিজ্য যুদ্ধ রসদ জোগাবে। তবে পড়তি বাজারে শেয়ার কেনায় সূচক খানিকটা উঠতে পারে।’’ এ দিন ডলারের সাপেক্ষে টাকার দামও পড়েছে ১৪ পয়সা। এক ডলার হয়েছে ৬৫.১৫ টাকা।