গত কয়েক বছরে তেমন উদ্যোগ দেখা না গেলেও, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের রাস্তা থেকে যে মোদী সরকার সরেনি, বাজেটের পরে সোমবার তা স্পষ্ট করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এ দিনই আর্থিক পরিষেবা সচিব এম নাগরাজু জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রত্যক্ষ বিদেশি লগ্নির (এফডিআই) সীমা বাড়িয়ে ৪৯% করার কথা ভাবছে কেন্দ্র। এখন তা ২০%। তাঁর কথায়, ‘‘এ নিয়ে কথাও শুরু হয়েছে মন্ত্রকের মধ্যে।’’ সংশ্লিষ্ট মহলের বক্তব্য, নির্মলা যে বিলগ্নি-পরিকল্পনার কথা বলেছেন, এফডিআই বৃদ্ধির ভাবনা তারই অঙ্গ।
বাজেটে পরের অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির শেয়ার বিক্রির মাধ্যমে ৮০,০০০ কোটি টাকা তোলার প্রস্তাব দিয়েছেন নির্মলা। এ বছরের তুলনায় দ্বিগুণের বেশি। এ দিন তিনি জানান, ‘‘গত ক’বছরে বিলগ্নিতে কেন্দ্র তেমন জোর দেয়নি। কিন্তু সেই গতি শ্লথ হলেও, গাড়ি বা রাস্তা বদলায়নি। বরং আগামী দিনে এতে নজর দেওয়া হবে।’’ তাঁর বক্তব্য, গত বারের বাজেটে আয়করে ছাড়ের পরে সেপ্টেম্বরে কমেছে জিএসটি-র স্তর ও করের হার। এতে সরকারের আয় কমছে। এ দিকে বাজেটে পরিকাঠামো উন্নয়নের জন্য যে সব প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলি কার্যকর করতে অর্থ লাগবে। তাই রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নি ও তাদের সম্পত্তি বিক্রির মতো যে সব পরিকল্পনা আগেই করা ছিল, এ বার কেন্দ্র তা বাস্তবায়নে উদ্যোগী হবে।
বিলগ্নিকরণ বাড়াতে আইন যাতে সহায়ক হয়, তার উপায় বার করার পরামর্শ দেওয়া হয়েছে আর্থিক সমীক্ষাতেও। বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থার সংজ্ঞা বদলাতে সেগুলিতে কেন্দ্রের সর্বোচ্চ অংশীদারি ২৬ শতাংশে বাঁধা জরুরি। এখন তা ৫১% হতেই হয়। পরামর্শ মানা হলে রাষ্ট্রায়ত্ত সংস্থার ৭৪% বেসরকারি লগ্নিকারীর হাতে তুলে দেওয়া যাবে। উল্লেখ্য, ২০২০ সালের পরে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কেন্দ্রের শেয়ার কমেনি। কিন্তু নতুন শেয়ার ছেড়ে টাকা তুলেছে কয়েকটি। এ দিন নির্মলা জানান, আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণ প্রক্রিয়া অনেকটা এগিয়েছে। আর সচিবের বার্তা, এলআইসি-র আরও শেয়ার বিক্রি করবে সরকার।
বিএমএস অনুমোদিত ন্যাশনাল অর্গানাইজ়েশন অব ব্যাঙ্ক ওয়ার্কার্সের সাংগঠনিক সম্পাদক উপেন্দ্র কুমারের মতে, ভূ-রাজনৈতিক অস্থিরতায় বিশ্ব অর্থনীতিতে যে সমস্যা তৈরি হয়েছে, তাতে কেন্দ্রের উচিত বিদেশি পুঁজিতে ভরসা না করে দেশীয় লগ্নিকারীদের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে টাকা ঢালার পথ চওড়া করা। তবে এফডিআই-এর সীমা বৃদ্ধির পদক্ষেপ করা হলে ব্যাঙ্কিং শিল্পে বড় আন্দোলন হবে বলে জানান কর্মীদের সংগঠন এআইবিইএ-র সহ-সভাপতি পার্থ চন্দ ও অফিসারদের সংগঠন আইবকের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। বাজেট পেশের সময় জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা জানালেন, নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে।
- কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ অত্যাধুনিক প্রযুক্তি চাকরির উপর কতটা প্রভাব ফেলছে, তার মূল্যায়ন করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করা হচ্ছে। বাজেটে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
- নির্মলা জানিয়েছেন, তিনটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’ তৈরি হবে দেশে। সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে। প্রতি জেলায় তৈরি হবে একটি করে মহিলাদের হস্টেল।
-
শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন! ৩ ঘণ্টারও কম সময়ে পৌঁছোনো যাবে বারাণসী, রেল বাজেটে কত কোটি টাকা পেল পশ্চিমবঙ্গ
-
PREMIUMবরাদ্দ ‘অতি সামান্য’! ক্ষুদ্র শিল্প নিয়ে বাজেট-প্রস্তাবে কেউ খুশি, কারও মুখ ভার
-
PREMIUMআমদানি শুল্ক সংস্কারে জোর, বিদেশ থেকে পণ্য আনার পথ সহজ করার বার্তা বাজেটে
-
PREMIUMখরচই হয়নি গত বারের টাকা, সামাজিক উন্নয়ন খাতে বরাদ্দ কমিয়ে দিলেন অর্থমন্ত্রী
-
PREMIUMজোড়া সমস্যা মেটানোর চেষ্টা, বিদেশি লগ্নি টানতে নির্মলার অস্ত্র ডেটা সেন্টার এবং অনাবাসীরা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)