ফের ধাক্কা ভারতের অর্থনীতিতে। সোমবার ২০ মাসের তলানি ছুঁয়েছে সেনসেক্স। ডলারের দাম আরও বাড়ায় টাকা নেমেছে ৬৮-র দিকে। প্রায় ১৫% কমেছে রফতানি। এ নিয়ে টানা ১৩ মাস।
এই ত্র্যহস্পর্শে নাজেহাল শেয়ার বাজারের আতঙ্ক বাড়িয়েছে বিশ্ব বাজারে অশোধিত তেল ব্যারেলে ২৮ ডলারের নীচে নেমে আসা এবং ফ্রান্সে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষিত হওয়া।
পতনের ঢেউয়ে সোমবার ২৩ হাজারের মুখে এসে দাঁড়িয়েছে সেনসেক্স। ২৬৬.৬৭ পয়েন্ট পড়ে সূচক বাজার বন্ধের সময়ে থিতু হয় ২৪,১৮৮.৩৭ অঙ্কে, যা গত ২০ মাসে সবচেয়ে কম।
এ দিন তেল নেমেছে ২০০৩ সালের পর থেকে সবচেয়ে নীচে, ব্যারেলে ২৭.৬৭ ডলারে। পরমাণু কর্মসূচি নিয়ে সন্দেহের মেঘ কাটায় ইরানের উপর থেকে আমেরিকা আর্থিক নিষেধাজ্ঞা তুলেছে। ফলে পশ্চিম এশিয়ার অন্যতম তেল উৎপাদনকারী দেশটি বিশ্ব বাজারে ফিরতে চলেছে। জানিয়েছে, তারা প্রতিদিন ৫ লক্ষ ব্যারেল তেল রফতানি করতে প্রস্তুত। এই খবরে চাহিদার তুলনায় এমনিতেই জোগান বেশি থাকা তেলের বাজারে দাম আরও পড়তে শুরু করে। এর বিরূপ প্রভাব তেল উৎপাদনকারী দেশগুলির আর্থিক অবস্থার উপর পড়বে বলেই ধারণা বিশেষজ্ঞদের। এ দিন এটা আঁচ করেই বিশেষত এশিয়ায় শেয়ার বাজার পড়তে শুরু করে, যার প্রভাব থেকে রেহাই পায়নি ভারতও।
শেয়ার বাজারের পতনের সঙ্গে তাল মিলিয়ে বিদেশি লগ্নি সংস্থাগুলির শেয়ার বিক্রি এবং ব্যাঙ্ক ও আমদানিকারীদের তরফে ডলারের চাহিদা বৃদ্ধিই সোমবার টেনে নামায় টাকাকে। ডলারের তুলনায় ৯ পয়সা পড়ে দিনের শেষে তা থামে ৬৭.৬৮-এ।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রফতানি কমে হয়েছে ২,২২০ কোটি ডলার। যার কারণ, বিশ্ব বাজারে মূলত পেট্রোপণ্য, ইঞ্জিনিয়ারিং সামগ্রী ও রত্নালঙ্কারের চাহিদা পড়তির দিকে। এতে ইন্ধন জুগিয়েছে বিশ্ব জুড়ে কমতে থাকা পণ্যমূল্য। পাশাপাশি, আমদানি ৩.৮৮% কমে হয়েছে ৩,৩৯৬ কোটি ডলার। কিন্তু মূলত সোনা কেনা বাড়ায় আমদানি তেমন ভাবে কমেনি, ফলে বাণিজ্য ঘাটতি বেড়ে ছুঁয়েছে ১,১৬৬ কোটি ডলার, যা ৪ মাসে সর্বোচ্চ।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, টাকার দাম পড়াটা রফতানি বাড়ানোয় সুবিধাজনক। কিন্তু তা সত্ত্বেও তা টানা পড়ছে পশ্চিমী দুনিয়ার অর্থনীতি ঘুরে না-দাঁড়ানোয়। বিশ্ব বাজারে চাহিদায় টানই যে রফতানির হাল না-ফেরার মূল কারণ, তা জানান রফতানিকারীদের সংগঠন ফিও-র প্রেসিডেন্ট এস সি রলহান। বিশ্ব জুড়ে পণ্যমূল্য কমে আসাকেও অন্যতম কারণ বলে চিহ্নিত করেন তিনি।
তেলের দাম কমায় বম্বে স্টক এক্সচেঞ্জে ৫.১৪% পড়ে গিয়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ শেয়ারের দাম। তবে উইপ্রো ০.৭২% বেড়েছে। যার কারণ, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা আগের বারের থেকে ২% বেড়ে হয়েছে ২২৩৪.১ কোটি টাকা।