E-Paper

ইরান সমস্যায় সূচক নামল ১২৩৬ পয়েন্ট, শেয়ার বাজার থেকে মুছে গেল ৭.৫৫ লক্ষ কোটি টাকা

ঝুঁকি এড়ানোর জেরেই ছোট-মাঝারি শেয়ারগুলি দুর্বল হয়েছে বেশি। এক দিনে বিএসই-তে লগ্নিকারীদের ৭.৫৫ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ মুছে গিয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৫
বম্বে স্টক এক্সচেঞ্জ।

বম্বে স্টক এক্সচেঞ্জ। ফাইল চিত্র।

আমেরিকা-ইরানের মধ্যে বেড়ে যাওয়া সমস্যা ফের স্বস্তি কাড়ল শেয়ার বাজারের। বৃহস্পতিবার কার্যত ধসের মুখে পড়ল সেনসেক্স। ১২৩৬.১১ পয়েন্ট নেমে সূচক দাঁড়াল ৮২,৪৯৮.১৪ অঙ্কে। লেনদেন চলাকালীন এক সময় পড়েছিল ১৪৭০.০৫। নিফ্‌টিও ৩৬৫ পয়েন্ট হোঁচট খেয়ে ২৫,৪৫৪.৩৫-এ বন্ধ হয়েছে।

এই সপ্তাহের প্রথম তিন দিন ওঠার পরে চতুর্থ দিনের এই ধস আসলে সতর্ক লগ্নিকারীদের হাতের শেয়ার বেচে মুনাফা তোলার হিড়িকের ফল, বলছে সংশ্লিষ্ট মহলের একাংশ। ঝুঁকি এড়ানোর জেরেই ছোট-মাঝারি শেয়ারগুলি দুর্বল হয়েছে বেশি। এক দিনে বিএসই-তে লগ্নিকারীদের ৭.৫৫ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ মুছে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আমেরিকা-ইরানের মধ্যে বেড়ে যাওয়া অশান্তির পাশাপাশি আমেরিকায় সুদ কমানোর সম্ভাবনা নিয়ে দোলাচল এ দিন বাজারে অস্থিরতার প্রধান কারণ। এতে দেশের বাজারে বিদেশি লগ্নি কমবে, এই আশঙ্কা অনেকেরই উদ্বেগ বাড়িয়েছে।

বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘পতনের একাধিক কারণ রয়েছে। আমেরিকা ও ইরানের মধ্যে ভূ-রাজনৈতিক এবং সামরিক অস্থিরতা কমার লক্ষণ নেই। আমেরিকা যে কোনও সময় ইরানে আক্রমণ শুরু করতে পারে। এই দুশ্চিন্তার প্রভাব স্পষ্ট সূচকে। বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি উদ্বেগের আর একটি কারণ। বিশেষত ইরানের পরিস্থিতি জটিল হওয়ায় তেলের দাম যেহেতু আরও বাড়তে পারে।’’ আশিস অবশ্য রিজ়ার্ভ ব্যাঙ্কের ঋণনীতিতে কিছু বদলের কারণে ব্রোকার বা শেয়ার লেনদেনকারী সংস্থার মূলধনের সমস্যাকেও এ দিনের পতনের জন্য দায়ী করেছেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BSE SENSEX

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy