এ বার এক ক্লিকেই পিএফের টাকা তুলতে পারবেন এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন (ইপিএফও)-এর আট কোটি সদস্য। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে সরাসরি প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) টাকা চলে যাবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টেই। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডবিয়া জানিয়েছেন ইউপিআই পেমেন্ট গেটওয়ের পরীক্ষা-নিরীক্ষার কাজ সম্পূর্ণ। শীঘ্রই বিপুলসংখ্যক বেসরকারি সংস্থার কর্মচারীরা ইউপিআই লেনদেনের সুবিধা পাবেন।
আরও পড়ুন:
এক সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেছেন ইউপিআই পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে প্রভিডেন্ট ফান্ডের টাকা নিজেদের পছন্দমতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করতে পারবেন। অর্থাৎ, টাকা তোলার জন্য সপ্তাহ বা তার বেশি দিন অপেক্ষার দিন শেষ। কয়েক সেকেন্ডের মধ্যেই এই লেনদেন সম্পূর্ণ হবে। পুরনো ব্যবস্থায় যেখানে টাকা তোলার আবেদন করার পর ৭ থেকে ১০ দিন সময় লাগত। তা ছাড়া ১ লক্ষ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে ম্যানুয়াল ভেরিফিকেশন করতে হয়। সামান্য নথিপত্রের অমিলের কারণে টাকা পাওয়ার ক্ষেত্রে বিলম্ব বা সরাসরি আবেদন বাতিল হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়।
আরও পড়ুন:
বর্তমানে প্রভিডেন্ট ফান্ডের টাকা অবশ্য অনলাইনে তুলতে পারেন গ্রাহক। এর জন্য ইপিএফও-র পোর্টাল ব্যবহার করতে হয় তাঁকে। তবে ইউপিআইয়ের মাধ্যমে ওই টাকা খরচ করার কোনও সুবিধা নেই। নয়া ব্যবস্থায় ইপিএফও ৩.০ চালু হলে গ্রাহকেরা তাঁদের ইউপিআই পিন ব্যবহার করে প্রায় সঙ্গে সঙ্গেই লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রাপ্য টাকা স্থানান্তর করতে পারবেন। লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে সরাসরি কত টাকা পাঠাতে পারবেন তা দেখতে পারবেন সদস্যেরা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তরিত হয়ে গেলে চাইলেই ইচ্ছামতো সেই টাকা ব্যবহার করতে পারবেন তাঁরা।
তবে নিয়ম অনুসারে গ্রাহক তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকার ৭৫ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন। নিয়ম অনুযায়ী, বাকি ২৫ শতাংশ পিএফ তহবিলেই তাঁকে রাখতে হবে। তবে কোনও ব্যক্তি চাকরি হারালে বা ছাঁটাই হলে ১২ মাস পর ওই ২৫ শতাংশ টাকা তুলে নিতে পারবেন। বর্তমানে ইপিএফও-র তহবিলে থাকা টাকার মোট পরিমাণ আনুমানিক প্রায় ২৬ লক্ষ কোটি বলে জানা গিয়েছে। অন্য দিকে প্রায় ৩০ কোটি গ্রাহক রয়েছে এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ডের।