আইনের ফাঁস থেকে বেরোতে এ বার গাড়ির ডিজেল ইঞ্জিনের মাপ বদল করছে টাটা মোটরস। সংস্থার পরিকল্পনা ও প্রকল্প ব্যবস্থাপনা সংক্রান্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গিরীশ ওয়াঘ বুধবার জানান, এই সব গাড়ির জন্য ২ লিটারের চেয়ে কম মাপের ইঞ্জিন তৈরি করছেন তাঁরা। তিনি বলেন, ‘‘নতুন ইঞ্জিন তৈরি করতে এক বছর সময় লাগে। কিন্তু নতুন প্রযুক্তির সাহায্যে এই ইঞ্জিন দ্রুত আনা হবে।’’
দূষণ ঠেকাতে নয়াদিল্লিতে ২ লিটারের চেয়ে বড় মাপের ডিজেল ইঞ্জিন চালিত গাড়ি বিক্রি সাময়িক ভাবে নিষিদ্ধ। ডিসেম্বরে জারি হওয়া এই বিধিনিষেধ ৩১ মার্চ বর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত প্রথমে নেওয়া হলেও সুপ্রিম কোর্ট তার মেয়াদ বাড়িয়েছে। পরবর্তী দফায় এই বিধিনিষেধ দেশ জুড়েও চালু হতে পারে বলেই আশঙ্কা শিল্পমহলে। তাই বাজার ধরে রাখতে তড়িঘড়ি ইঞ্জিনের মাপ বদল করছে টাটা মোটরসও। প্রসঙ্গত, মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা বিধিনিষেধের কোপ থেকে বেরোতে জানুয়ারিতেই ১.৯৯ লিটারের ইঞ্জিন এনেছে। দূষণ নিয়ন্ত্রণ নিয়ে মারুতি, মহীন্দ্রা, টয়োটা, মার্সিডিজ-সহ প্রথম সারির গাড়ি সংস্থাগুলি এ দিন বৈঠকও করেছে।