E-Paper

আবেদন বিভিন্ন মেসেজিং অ্যাপের, সিম বাইন্ডিংয়ের সময়সীমা পিছিয়ে দিল কেন্দ্র

এই সব মেসেজিং অ‍্যাপ ল্যাপটপ, পিসি-তে ব্যবহার করতে গেলে ৬ ঘন্টা বাদে বাধ্যতামূলক ভাবে লগ আউট করে দেওয়ার যে নির্দেশিকা জারি হয়েছিল, তা-ও আপাতত বাতিল করা হয়েছে। বলা হয়েছে, ঝুঁকির মাত্রা যাচাই করে তার পরেই সেই পথে হাঁটা হবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০৮:৩৮

— প্রতীকী চিত্র।

আর্থিক প্রতারণা ও জালিয়াতির হাত থেকে গ্রাহকদের রক্ষা করতে বিভিন্ন মেসেজিং অ্যাপে মার্চের মধ্যে সিম বাইন্ডিং বাধ্যতামূলক করতে হবে, নির্দেশ টেলিকম বিভাগের (ডট)। সেই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করল তারা। সূত্রের দাবি, ওয়টস‍্যাপ, সিগনাল, টেলিগ্রামের মতো ওটিটি নির্ভর মেসেজিং অ্যাপগুলি কেন্দ্রের কাছে এ জন্য আবেদনের কারণেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, সিম বাইন্ডিং প্রযুক্তিতে যে মোবাইলে সিম থাকে, সেখান থেকেই একমাত্র ওই অ্যাপগুলি ব্যবহার করা যাবে। বর্তমানে ব্যাঙ্কিং অ্যাপের ক্ষেত্রে এই নিয়ম চালু রয়েছে।

এই সব মেসেজিং অ‍্যাপ ল্যাপটপ, পিসি-তে ব্যবহার করতে গেলে ৬ ঘন্টা বাদে বাধ্যতামূলক ভাবে লগ আউট করে দেওয়ার যে নির্দেশিকা জারি হয়েছিল, তা-ও আপাতত বাতিল করা হয়েছে। বলা হয়েছে, ঝুঁকির মাত্রা যাচাই করে তার পরেই সেই পথে হাঁটা হবে। এর জন্য কোনও সময়সীমা রাখা হয়নি।

এর আগে মার্চ থেকে সিম বাইন্ডিং প্রযুক্তি চালুর সময়সীমা বেঁধেছিল ডট। ২৮ মার্চের মধ‍্যে তা নিয়ে চূড়ান্ত রিপোর্ট জমার কথা ছিল মেসেজিং অ্যাপগুলির। যদিও ডটের এই নির্দেশ দেওয়ার এক্তিয়ার রয়েছে কি না, সেই প্রশ্ন তোলে গুগল, মেটার মতো সংস্থাগুলির সংগঠন ব্রডব্যান্ড ইন্ডিয়া ফোরাম। তাতে কান না দিয়ে টেলিকম বিভাগ জারি রাখে সময়সীমা। তবে কোনও সংস্থাই সিম বাইন্ডিং চালু না করায় মেয়াদ বৃদ্ধির আর্জি জানিয়েছিল। সংশ্লিষ্ট মহলের মতে, বিভিন্ন দিক থেকে আপত্তি ওঠাই সময়সীমা পিছোনো হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Telecom Departments Telecom Operators Financial Fraud Cyber Security

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy