Advertisement
E-Paper

বেদান্ত বিভাজনে লগ্নিকারীদের লক্ষ্মীলাভ! ১ মে পকেটে আসবে ‘বোনাস’ স্টক, টাকার অঙ্কে কেমন হবে মুনাফা?

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল পাঁচ সংস্থায় ভেঙে গেল বেদান্ত। ১ মে থেকে এর সুবিধা পাবেন লগ্নিকারীরাও। বিভাজন প্রক্রিয়ায় ১:১ অনুপাত তাঁদের মধ্যে শেয়ার বিলির ঘোষণা করেছে সংশ্লিষ্ট খনি ও ধাতু সংস্থা। ডিমার্জার পূর্ববর্তী লেনদেনে ২৮৯ টাকা উঠেছে এর স্টকের দাম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৭:৫৬
Vedanta Limited

ছবি: সংগৃহীত।

লক্ষ্মীবারে বেদান্ত লিমিটেডের শেয়ার লগ্নিকারীদের পোয়াবারো! মে মাসের শুরুতেই ১:১ অনুপাতে আরও চারটি সংস্থার স্টক হাতে পাবেন তাঁরা। বৃহস্পতিবার, ৩০ এপ্রিল বিভাজন (ডিমার্জার) প্রক্রিয়া সম্পন্ন করে অনিল আগরওয়ালের নেতৃত্বাধীন এই ধাতু ও খনি সংস্থা। সব মিলিয়ে মোট পাঁচটি পৃথক তালিকাভুক্ত কোম্পানিতে ভেঙে যাচ্ছে বেদান্ত। ফলে কোনও রকম লেনদেন ছাড়াই তাদের অন্তত একটি করে স্টক জমা হবে বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল বেদান্তের পাঁচটি পৃথক সংস্থায় ভেঙে যাওয়ার প্রক্রিয়া চলার কারণে এর স্টকের প্রাক্-বিভাজন (এক্স-ডিমার্জার) লেনদেন করেন লগ্নিকারীরা। দিনশেষে দেখা যায় ধাতু ও খনি সংস্থাটির সূচক পড়েছে প্রায় ৬৩ শতাংশ। ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, বিভাজনের পর বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) ১৭.২০ টাকা কমে ২৭৩.৩০ টাকায় নেমে আসে বেদান্তের স্টক। বাজার খোলার সময় যা ছিল ২৯০.৫০ টাকা। অর্থাৎ, বিএসইতে ৫.৯২ শতাংশের পতন লক্ষ করা গিয়েছে।

অন্য দিকে, বিভাজনের পর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) বেদান্তের শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৭৩ টাকা। বাজার খোলার সময় ২৮৯.৫০ টাকায় ঘোরাফেরা করছিল সেটি। অর্থাৎ, এনএসসিতে খনি ও ধাতু সংস্থাটির শেয়ারের দাম কমেছে ৫.৭০ শতাংশ। বিভাজন-পরবর্তী বেদান্তের পাঁচটি সংস্থার তালিকাভুক্তির তারিখ ধার্য হয়েছে ১ মে, শুক্রবার। ফলে ওই দিনই ১:১ অনুপাত শেয়ার পাবেন লগ্নিকারীরা।

ব্যবসা বৃদ্ধি করতে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনও সংস্থা একাধিক কোম্পানিতে বিভক্ত হতে পারে, যার প্রতিটার আলাদা আলাদা করে থাকবে পরিচালন পর্ষদ। অর্থনীতির পরিভাষায় একেই বলে বিভাজন বা ডিমার্জার। এ ক্ষেত্রে মূল সংস্থাটির থেকে পৃথক হওয়ার কারণে বাকিরাও সরাসরি স্টকের দুনিয়ায় পেয়ে যায় ‘মেগা এন্ট্রি’। বেদান্তের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। এর সুবিধা পাওয়ায় বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে।

যে পাঁচটি সংস্থায় খনি ও ধাতু সংস্থাটি ভেঙে গিয়েছে সেগুলি হল, বেদান্ত অ্যালমুনিয়াম, বেদান্ত অয়েল অ্যান্ড গ্যাস, বেদান্ত পাওয়ার, বেদান্ত আয়রন অ্যান্ড স্টিল এবং বেদান্ত লিমিটেড। শেষেরটি এই গ্রুপের মূল সংস্থা। উল্লেখ্য, ভারত অ্যালমুনিয়াম কোম্পানি লিমিটেডের (বালকো) সঙ্গে অংশীদারি রয়েছে তাদের। সেই স্টক বেদান্ত অ্যালুমিনিয়ামে হস্তান্তরিত হবে বলে জানা গিয়েছে।

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হওয়ায় জাতীয় ছুটি ঘোষণা করেছে কেন্দ্র। ফলে ওই দিন বন্ধ থাকবে শেয়ারবাজার। এর জেরে বৃহস্পতিবার, ৩০ এপ্রিল বিভাজনের আগে শেষ বার স্টক লেনদেনের সুযোগ পেয়েছেন বেদান্তের লগ্নিকারীরা। ডিমার্জারের সুবিধা নিতে শেয়ার কেনার শেষ তারিখ ছিল ২৯ এপ্রিল, বুধবার।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ারবাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Vedanta Stock Market Sensex Nifty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy