E-Paper

অন্য ‘ক্ষমতা’

দশের মধ্যে রয়েছে জার্মানি ফ্রান্স সুইৎজ়ারল্যান্ড কানাডা ইটালি, সংযুক্ত আরব আমিরশাহিও।

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৪

আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় কোনও দেশের ‘ভাবমূর্তি’র কথা শোনা যায় প্রায়ই। ক্ষমতাতন্ত্রকে কোনও দেশ কী ভাবে কাজে লাগাচ্ছে, বিশ্বে তার কী প্রভাব-প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, তা-ই ঠিক করে দেয় তার ভাবমূর্তি। রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিপত্তি যে এ ক্ষেত্রে বড় প্রভাব ফেলে তা জানা কথা; বিশেষজ্ঞরা পাশাপাশি বলেন কোনও দেশের ‘সফট পাওয়ার’-এর কথাও। বলপ্রয়োগ না-করে, যুদ্ধ-সংঘর্ষ এড়িয়েও বিশ্বে মনোযোগ আকর্ষণ ও বিশ্বাস উৎপাদন করা চলে যে ‘ক্ষমতা’য়, তা-ই ‘সফট পাওয়ার’। অর্থনীতি ও ম্যানেজমেন্ট-শাস্ত্রে পণ্য বা পরিষেবার প্রসঙ্গে ‘ব্র্যান্ড ভ্যালু’ নিয়ে অনেক কথা হয়, কোনও দেশের ‘সফট পাওয়ার’-এর উচ্চমানও দেশটিকে ‘ব্র্যান্ড’ করে তোলে। এই মুহূর্তে সফট পাওয়ার-সূত্রে বিশ্বের নানা দেশের অবস্থাটা ঠিক কী, স্বাধীন গবেষণা সংস্থা ‘ব্র্যান্ড ফাইনান্স’-এর সদ্যপ্রকাশিত ‘গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স ২০২৬’ রিপোর্টে তা জানা গেল। রাষ্ট্রপুঞ্জের ১৯৩টি সদস্য দেশের মধ্যে সেখানে প্রথম স্থানে আমেরিকা, দুইয়ে চিন, তৃতীয় জাপান; ব্রিটেন চতুর্থ স্থানে। দশের মধ্যে রয়েছে জার্মানি ফ্রান্স সুইৎজ়ারল্যান্ড কানাডা ইটালি, সংযুক্ত আরব আমিরশাহিও।

মানুষ একটা দেশকে সার্বিক ভাবে বিশ্বাস করতে পারছেন কি না, তার নিজস্ব ও সর্বজনীন মূল্যবোধগুলি ঋজু আছে কি না, তার সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বকে কতটা আকর্ষণ করছে, দেশটির শাসনতন্ত্র তার আর্থ-সামাজিক সুস্থিতি সম্পর্কে তার পড়শি ও দূরদেশগুলিকেও একটা ভরসাযোগ্য ধারণা দিতে পারছে কি না— এই সবই এই সফট পাওয়ার পরিমাপের অন্যতম সূচক। আশ্চর্য লাগতে পারে, ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধ’ ও নানা রাজনৈতিক সিদ্ধান্তের জেরে যেখানে বিশ্বের নাজেহাল দশা, সেই আবহে আমেরিকা সফট পাওয়ার-এর বিচারে প্রথম স্থানে কী করে। আগের বছরের রিপোর্টের সঙ্গে তুলনা করলে দেখা যাবে, সফট পাওয়ার-এ আমেরিকার প্রাপ্ত নম্বরের পতন হয়েছে ৪.৬ বিন্দু, সাম্প্রতিক কালে সবচেয়ে বেশি; এবং এর মধ্যে চিন প্রায় ৩৫টি সূচকের মধ্যে ১৯টিতে বলার মতো উন্নতি করে আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। অথচ বৈশ্বিক স্তরে চিনা ক্ষমতাতন্ত্রের প্রতাপ অবিদিত নয়। ইউরোপের তথাকথিত উন্নত ও গণতান্ত্রিক দেশগুলির আমেরিকা বা চিনকে ডিঙোতে না পারা, বা প্রথম দশে সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশের উপস্থিতিই বুঝিয়ে দেয়— ভূরাজনীতি ও অর্থনীতি আজকের বিশ্বে সফট পাওয়ার-এর চালিকাশক্তি না হোক, কার্যকর অনুঘটক হয়ে উঠছে।

আর ভারতের স্থান? সদ্যপ্রকাশিত তালিকায় ভারত ৩২ নম্বরে, গত বছর থেকে দু’ধাপ নীচে। বিশ্ব স্তরে খ্যাতি ও প্রভাবের সূচকে তার নম্বর কমেছে; এবং দেখা যাবে, বিশেষত শাসনব্যবস্থা ও সুস্থায়ী ভবিষ্যতের পথে তার প্রাপ্ত নম্বর আগে থেকেই বেশ খারাপ; প্রচারমাধ্যম ও সংযোগ, জনগণ ও মূল্যবোধের সূচকেও ‘পারফরম্যান্স’ মোটেই সুবিধার নয়। শিক্ষা-বিজ্ঞানক্ষেত্রে নম্বর কমেছে, এমনকি যে ভারতীয় সংস্কৃতি নিয়ে আজকের ভারতশাসকেরা উচ্চকণ্ঠ, তার নম্বরও। দিল্লির বড়কর্তারা এ রিপোর্ট দেখবেন কি না, দেখলেও মানবেন কি না জানা নেই, তবে এ-হেন মধ্যমেধার সফট পাওয়ার দিয়ে আন্তর্জাতিক স্তরে ভারতের কী ও কতটা কাজ হবে, সেই ভাবনাটি অন্তত ভাবা যেতে পারে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Donald Trump

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy