ফের পরীক্ষা, ফের জালিয়াতির অভিযোগ। নিট ইউজি নিয়ে বিতর্কের শেষ নেই।
নিট কেলেঙ্কারির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২০ লক্ষেরও বেশি পড়ুয়া। ২১ জুনের পরীক্ষার আগে কড়া নিরাপত্তার ঘেরাটোপে তৈরি হচ্ছে প্রশ্ন। এরই মধ্যে অহমদাবাদের একটি দল সমাজমাধ্যমে সেই প্রশ্ন-ই নাকি বিক্রি করছে। বিপুল অর্থের বিনিময়ে খাতা ভরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও নাকি দিচ্ছেন দলের সদস্যরা। ফের উদ্বেগে পরীক্ষার্থীরা।
আগামী ২১ জুন নতুন করে চিকিৎসা বিজ্ঞানের স্নাতক স্তরে ভর্তি হওয়ার প্রবেশিকা নেওয়া হবে। সে পরীক্ষা যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, তার জন্য কেন্দ্রের তরফে নিরাপত্তার দায়িত্বে দেওয়া হবে ভারতীয় বায়ুসেনাকে, এমনই দাবি কেন্দ্রের। অথচ তার আগে ফের প্রশ্নফাঁসের অভিযোগ প্রকাশ্যে এসেছে।
এই ঘটনায় দিল্লির নামী কোচিং সেন্টারের এক শিক্ষকও জড়িত বলে দাবি করেছেন অহমদাবাদের সমাজকর্মী শুভম ঠক্কর। তিনি ইতিমধ্যেই সাইবার অপরাধ বিভাগে অভিযোগ করেছেন এবং ঘটনার তদন্তের আবেদন জানিয়েছেন।
এই অভিযোগের সততা যাচাই করতে শুভম নিজে ওই দলের এক সদস্যের সঙ্গে যোগাযোগ করেন বলে সংবাদমাধ্যমে দাবি করেছেন। শুভমের দাবি, তাঁকে পরীক্ষার আগেই প্রশ্নপত্র দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ওই দলের সদস্যরা। বিনিময়ে দিতে হবে ৩৫ লক্ষ টাকা। এমনকি ওই দলের তরফে দাবি করা হয়েছে বিশেষ ব্যক্তির ছত্রচ্ছায়ায় রয়েছেন, তাই তাঁরা বিশেষ চিন্তিত নন। যাঁরা প্রশ্নপত্র কিনতে ইচ্ছুক, তাঁদের কিউআর কোডের মাধ্যমে টাকা পাঠাতে হবে। এমনই অভিযোগ।
জানা গিয়েছে, এক পরীক্ষার্থীকে নাকি মোট ২০ লক্ষ টাকার বিনিময়ে ৬২০-র বেশি নম্বর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওই দলটি। ওই পরীক্ষার্থীকে সাদা খাতা জমা দিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এজেন্সি মারফত সঠিক উত্তর ওই খাতায় লিখে দেওয়া হবে এবং পরিবর্তে কাঙ্ক্ষিত নম্বর পাবেন পরীক্ষার্থী।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই দলটি সমাজমাধ্যমের সাহায্যে পরীক্ষার সঠিক প্রশ্নপত্র পাইয়ে দেবে বলে দাবি করছে। পাশাপাশি, কয়েক লক্ষ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়া হবে।
২০২৪-এর পর ২০২৬-এও প্রশ্নফাঁসের বিতর্কের মুখে পড়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। শীর্ষ আদালত এ বিষয়ে ইতিমধ্যেই মন্তব্য করেছে, অতীতের প্রশ্নফাঁসের ঘটনা থেকে কোনও শিক্ষা নেয়নি ওই সংস্থা। পুনঃপরীক্ষার আয়োজন নিয়েও একাধিক শোরগোল চলছে। তারই মাঝে নতুন করে নম্বর পাইয়ে দেওয়ার অভিযোগে কার্যত উদ্বেগ বাড়ছে পড়ুয়াদের মধ্যে।