Advertisement
E-Paper

বিশ্ববাংলা-য় আপত্তি? স্কুলব্যাগ ও পোশাক বিতরণ স্থগিতের মৌখিক নির্দেশ স্কুল শিক্ষা দফতরের

নতুন শিক্ষাবর্ষের জন্য বিশ্ববাংলা লোগো সম্বলিত স্কুল ব্যাগ পৌঁছে গিয়েছে কিছু স্কুলে। কিছুক্ষেত্রে তা পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হয়নি। স্কুলশিক্ষা দফতরের তরফেই বলা হয়েছে, আপাতত স্কুলব্যাগ পড়ুয়াদের হাতে যেন তুলে না দেওয়া হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৫:০৯

ছবি: সংগৃহীত।

সরকারি নথি থেকে ইতিমধ্যেই বাদ গিয়েছে বিশ্ববাংলা লোগো। কিন্তু স্কুলপড়ুয়াদের পোশাক, ব্যাগে এখনও তা রয়ে গিয়েছে। স্কুলে স্কুলে এখনও সে সব পোশাক পরে, ব্যাগ নিয়েই আসছে তারা। আপাতত কিছু করার নেই, কারণ ওই পোশাক বা ব্যাগ বিতরণ করা হয়েছে আগেই। সূত্রের খবর, নতুন করে যাতে ওই লোগো আর স্কুলপড়ুয়াদের পোশাকে ব্যবহার না করা হয়, তা নিশ্চিত করতে চাইছে সরকার।

জানা গিয়েছে, নতুন শিক্ষাবর্ষের জন্য বিশ্ববাংলা লোগো সম্বলিত স্কুল ব্যাগ পৌঁছে গিয়েছে কিছু স্কুলে। কিছুক্ষেত্রে তা পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হয়নি। স্কুলশিক্ষা দফতরের তরফেই বলা হয়েছে, আপাতত স্কুলব্যাগ পড়ুয়াদের হাতে যেন তুলে না দেওয়া হয়।

নারায়ণদাস বাঙ্গুর স্কুলের প্রধানশিক্ষক সঞ্জয় বড়ুয়া বুধবার জানান, নির্বাচন ঘোষণার পরই পঞ্চম শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুলের ব্যাগ স্কুলে পৌঁছে গিয়েছিল। কিন্তু নির্বাচনী আদর্শ আচরণ বিধির কারণে সেই ব্যাগ পড়ুয়াদের দেওয়া যায়নি। বিধির মেয়াদ ফুরোলে ব্যাগগুলি বিতরণের কথা ভেবেছিলেন তাঁরা। কিন্তু আপাতত তা করা যাচ্ছে না। তিনি বলেন, “ব্যাগগুলি পড়ুয়াদের হাতে তুলে দিতে নিষেধ করা হয়েছে। বিশ্ববাংলা লোগো যেখানে বন্ধ করা হয়েছে সেখানে সেই লোগো ব্যাগ বা পোশাকে থাকা ঠিকও নয়। ”

যদিও এত ব্যাগের কী হবে? আদৌ পড়ুয়ারা ব্যাগ হাতে পাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। শিক্ষকদের একাংশ বলছে, ব্যাগগুলি লোগো ছাড়া দেওয়া হবে, না কি অন্য কোনও লোগো ওই স্থানে বসিয়ে দেওয়া হবে, তা এখনও বোঝা যাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষকের দাবি, জেলাস্কুল পরিদর্শক অফিস থেকে জানানো হয়েছে যে সব স্কুল এখনও ব্যাগ বা পোশাক সংগ্রহ করেনি তারা যেন আর সেগুলি সংগ্রহ না করে। তিনি বলেন, ‘‘পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছি। তবে সরকারের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করা উচিত। না হলে পড়ুয়ারা সমস্যায় পড়বে।”

স্কুল ব্যাগের পাশাপাশি স্কুলের পোশাক নিয়ে ধন্দ রয়েছে। ইতিমধ্যেই দাবি উঠেছে, নীল সাদা পোশাকের পরিবর্তন করতে হবে। রাজ্যের ক্ষমতায় আসার পর ২০১৩ সাল থেকেই সব স্কুলের পোশাক নীল-সাদা করার প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু তখনও জোর করে তা চাপিয়ে দেওয়া হয়নি। ২০২২ থেকে ওই নীল-সাদা পোশাক বাধ্যতামূলক করা হয়। স্কুলের ব্যাজের বদলে ওই পোশাকে সাঁটিয়ে দেওয়া হয় বিশ্ববাংলার লোগো। যদিও এই নিয়ম ছিল প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত। অনেক স্কুল আবার সেই ধারা বজায় রাখতে একাদশ-দ্বাদশেরও ক্ষেত্রেও পোশাকের রং নীল-সাদা করে ফেলেছিল। কোথাও আবার স্কুল নিজের মতো করে পোশাকের রং ঠিক করত মাধ্যমিকের পর।

কিন্তু সরকার পরিবর্তনের পর চিত্রটা ঠিক কী হবে, এখনও বুঝে উঠতে পারছেন না অনেকেই। এই মুহূর্তে মাধ্যমিক উত্তীর্ণেরা ভর্তি হচ্ছে একাদশ শ্রেণিতে। কিন্তু তাদের পোশাক নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত জানাননি স্কুল কর্তৃপক্ষ।

Bishwabangla
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy