সিবিএসই-র দ্বাদশের পরীক্ষার ফল অনুযায়ী বোকারোর বাসিন্দা আদিত্য মিশ্র পেয়েছিলেন ৯৯.২০ শতাংশ নম্বর। স্কুলের তরফে ওই ছাত্রকে বলা হয়, জীববিদ্যায় তাঁর আরও নম্বর পাওয়া উচিত। তাই তিনি যেন পুনর্মূল্যায়নের জন্য আবেদন জমা দেন।
নিট ইউজি-র প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় ওই আবেদন আদিত্যের বাবা, মা এবং স্কুলের শিক্ষকেরাই সম্মিলিত ভাবে জমা দেন। ফলস্বরূপ পুনর্মূল্যায়নের পর তাঁর প্রাপ্ত নম্বর বেড়ে হয়েছে ৪৯৮ (৯৯.৬০ শতাংশ)। জানা গিয়েছে, আদিত্য বইয়ের পাশাপাশি, ল্যাপটপ এবং মোবাইলের সাহায্যেও পড়াশোনা করতেন। পড়াশোনার জন্য দিনে অন্তত ছ’ঘণ্টা বরাদ্দ রাখেন ওই ছাত্র।
আরও পড়ুন:
আদিত্যের নম্বর বৃদ্ধি হওয়ায় আনন্দিত তাঁর মা-বাবা। এই বিষয়ে স্কুলের প্রিন্সিপাল এএস গঙ্গোয়ার জানিয়েছেন, দীর্ঘদিনের পরিশ্রমের জন্যই আদিত্য সর্বভারতীয় স্তরে শীর্ষস্থান অর্জন করেছেন।
বোকারোর দিল্লি পাবলিক স্কুলের ছাত্র আদিত্য জানিয়েছেন, জীববিদ্যা তাঁর অন্যতম পছন্দের বিষয়। তাতে প্রথমে ৯৬ পেয়েছিলেন তিনি। পুনর্মূল্যায়নের পর ওই বিষয়ে প্রাপ্ত নম্বর ৯৯ হয়েছে। তিনি এই বছরের নিট পুনঃপরীক্ষাও দিয়েছেন। সংবাদমাধ্যমকে আদিত্য জানান, ভবিষ্যতে তিনি চিকিৎসক হতে চান। আশা করছেন, এ বারের নিট-এ তিনি ভাল ফল করবেন।