কলেজে পড়াশোনার সময়ে নানা পেশাভিত্তিক বিষয় শেখার সুযোগ মেলে। এমন কর্মশালা, আলোচনাসভা কিংবা সার্টিফিকেট কোর্সে যোগ দিতে পারলে যেমন বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ মেলে, তেমনই শংসাপত্রও পাওয়া যায়। ওই জ্ঞান এবং শংসাপত্রের সাহায্যে পেশাগত ক্ষেত্রে বাড়তি সুযোগ মিলতে পারে। শিক্ষার কড়চায় রইল এমন কিছু কোর্স, কর্মশালার সন্ধান।
১। কৃত্রিম মেধা ও মার্কেটিং
ব্যবসায়িক ক্ষেত্রে কৃত্রিম মেধার প্রয়োগ কী ভাবে করা যেতে পারে, তা নিয়ে বিশেষ পিজি সার্টিফিকেট প্রোগ্রাম চালু করা হয়েছে। বিভিন্ন ধরনের টুল ব্যবহার করে কী ভাবে ব্যবসায়িক প্রচার করতে হবে, কোন বিষয়ে কৃত্রিম মেধার সাহায্য নিতে হবে— সেই সব হাতে কলমে শেখাবেন বিশেষজ্ঞেরা।
- কোথায় হবে— ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরের তরফে ক্লাস করানো হবে।
- কত দিন চলবে— আট মাস।
- কবে— অগস্ট, ২০২৬ থেকে শুরু।
- কারা আবেদন করতে পারবেন— ইঞ্জিনিয়ারিং, ডিজ়াইন, বাণিজ্য শাখার যে কোনও বিষয়ে স্নাতকেরা।
- আবেদনের শেষ দিন— ২৮ জুন।
২। পরমাণু প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি
ইঞ্জিনিয়ারদের জন্য নিউক্লিয়ার টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম চালু করা হয়েছে। কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি-র বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়াররা তাঁদের প্রশিক্ষণ দেবেন। শক্তি উৎপাদনের ক্ষেত্রে পরমাণু প্রযুক্তি কী ভাবে ব্যবহার করা যেতে পারে, তা শেখানো হবে।
- কোথায় হবে— ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি), হায়দরাবাদ।
- কত দিন চলবে— তিন মাস।
- কবে— ৩ অগস্ট থেকে শুরু হবে।।
- কারা আবেদন করতে পারবেন— ইঞ্জিনিয়ার, কনসালট্যান্ট, পাওয়ার প্ল্যান্টের আধিকারিকরা।
- আবেদনের শেষ দিন— উল্লেখ করা হয়নি।
৩। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লায়েড মেকানিক্স
বিমান এবং মহাকাশযানের নকশা তৈরি, নির্মাণের কৌশল নিয়ে চর্চায় অ্যাপ্লায়েড মেকানিক্স-এর প্রয়োগের সুযোগ রয়েছে। ওই প্রযুক্তির প্রয়োগ কী ভাবে সম্ভব, সময়োপযোগী চাহিদা মেটাতে তাতে আর কোন বিষয়গুলির সংযোজন প্রয়োজন— তা নিয়েই হতে চলেছে বিশেষ আলোচনাসভা। তাতে যোগদান করতে আগ্রহীদের সংশ্লিষ্ট বিষয়ে প্রস্তাবনা লিখে জমা দিতে হবে।
- কোথায় হবে— ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর।
- কত দিন চলবে— পাঁচদিন।
- কবে— ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর, ২০২৬।
- কারা আবেদন করতে পারবেন— এরোস্পেস ইঞ্জিনিয়াররা আবেদনের সুযোগ পাবেন।
- আবেদনের শেষ দিন— ৩০ জুন।
৪। তথ্যের বিশ্লেষণ শেখার সুযোগ
তথ্য এবং তার গভীর বিশ্লেষণের উপর নির্ভর করে গবেষণামূলক কাজ করা হয়ে থাকে। বর্তমানে এই কাজের চাহিদা শুধুমাত্র বিজ্ঞান নির্ভর বিষয়ে সীমাবদ্ধ নেই। অন্যান্য ক্ষেত্রে ডেটা অ্যানালিসিস-এর প্রয়োজন রয়েছে। ওই বিষয়টি হাতে কলমে শেখানো হবে আগ্রহীদের।
- কোথায় হবে— ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি।
- কত দিন চলবে— চার থেকে ছ’সপ্তাহ।
- কবে— ১ জুলাই থেকে।
- কারা আবেদন করতে পারবেন— স্নাতক থেকে শুরু করে স্নাতকোত্তেরা, এ ক্ষেত্রে এক্সেলের কাজ জানা থাকলে ভাল।
- আবেদনের শেষ দিন— ৩০ জুন।
৫। বনাঞ্চলে কার্বন প্রবাহের গতিবিধিতে নজরদারি
গভীর অরণ্যে কার্বন প্রবাহ কোন পথে, কী ভাবে হয়ে চলেছে— তা নিয়ে বিশেষ প্রশিক্ষণমূলক কোর্স করানো হবে। এর জন্য বিশেষ যন্ত্রের মাধ্যমে নজরদারি করা, তথ্য সংগ্রহ করে তার রিপোর্টও বানাতে হবে।
- কোথায় হবে— ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং-এ।
- কত দিন চলবে— ১২ দিন।
- কবে— ২০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত।
- কারা আবেদন করতে পারবেন— ফরেস্ট্রি বিষয় নিয়ে কাজ বা পড়াশোনা করছেন, এমন গবেষক, শিক্ষক এবং পড়ুয়ারা।
- আবেদনের শেষ দিন— উল্লেখ করা হয়নি।