দু’জন ট্রেনচালক তাঁদের উপস্থিত বুদ্ধির জোরে একদল বুনো হাতিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালেন। সম্প্রতি এমনই একটি ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। একদল বুনো হাতি যাতে নির্বিঘ্নে রেললাইন পার হতে পারে, সেই কারণে অসমের যোরহাটের কাছে থেমে যায় একটি রাজধানী এক্সপ্রেস।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি বাচ্চা হাতি-সহ একদল হাতি অন্ধকারে রেললাইন পার হচ্ছে। রেললাইনে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে একটি ট্রেন। সেটির হেডলাইটের আলোয় পথ আলোকিত হচ্ছে এবং প্রাণীগুলি শান্ত ভাবে রেললাইন পার করছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ট্রেনচালকদের উপস্থিত বুদ্ধির কারণে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতিটি এড়ানো সম্ভব হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, ১২৪২৪ রাজধানী এক্সপ্রেসের ট্রেনচালক এসএন রাজু এবং সহকারী ট্রেনচালক আরকে সিংয়ের অসাধারণ পদক্ষেপের কারণেই একটি বাচ্চা হাতি-সহ একদল বুনো হাতি কোনও রকম আঘাত থেকে বেঁচে যায়। ঘটনাটি তিতাবার ও মারিয়ানি স্টেশনের মধ্যে ঘটেছে বলে জানা গিয়েছে। তাঁরা সময়মতো জরুরি ব্রেক কষার কারণেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। জানা গিয়েছে, এই সব অঞ্চলে রেললাইনের উপর দিয়ে হাতির চলাচল অস্বাভাবিক নয়। তাই, এই ধরনের এলাকায় বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য রেলকর্মীদের সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন:
ভিডিয়োটি এক্সের (সাবেক টুইটার) ‘নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে’র হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ১২ হাজারেরও বেশি বার দেখা হয়েছে এটি। অনেকে শেয়ার করেছেন। অজস্র মন্তব্যও জমা পড়েছে। বহু মানুষ ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন ভিডিয়োটিতে। ওই দুই ট্রেনচালকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা।