Advertisement
E-Paper

‘আই অ্যাম ব্যাক’, উজ়বেকদের জোড়া গোল দিয়ে ক্যামেরার সামনে ‘রণহুঙ্কার’ সিআরসেভেনের! ভাইরাল ভিডিয়ো

মঙ্গলবার রাতে রোনাল্ডোর পারফর্ম্যান্স নিন্দকদের মুখ বন্ধ করিয়ে দিয়েছে। উজ়বেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করেন পর্তুগিজ তারকা। পুরো মাঠ জুড়ে ছুটে বেড়াতে দেখা গিয়েছে তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৫:০৬
cristiano ronaldo

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

লিওনেল মেসির প্রথম ম্যাচে হ্যাটট্রিক এবং দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করার পর থেকে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উপর চাপ বাড়ছিল। বহু ফুটবল বিশেষজ্ঞ মনে করছিলেন ৪১-এর রোনাল্ডো শেষ হয়ে গিয়েছেন। তাঁর মধ্যে আর আগের মতো গোল করার খিদে নেই। মেসিভক্তরাও কটাক্ষের বাণ ছুড়ছিলেন। কিন্তু মঙ্গলবার রাতে রোনাল্ডোর পারফর্ম্যান্স নিন্দকদের মুখ বন্ধ করে দিয়েছে। উজ়বেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করেন পর্তুগিজ তারকা। পুরো মাঠ জুড়ে ছুটে বেড়াতে দেখা গিয়েছে তাঁকে। প্রথমার্ধে ফ্রিকিক নেওয়ার সুযোগ পেলেও তা নিজে না মেরে সতীর্থ নুনো মেন্ডেসকে সুযোগ করে দেন। উজ়বেকিস্তানের বিরুদ্ধে ৫-০ স্কোরে জেতে পর্তুগাল। এর পর থেকে রোনাল্ডো আবার আলোচনার বিষয় হয়ে উঠেছেন। রোনাল্ডোর ম্যাচ-পরবর্তী নানা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সে সমস্ত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

এক ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ৯০ মিনিট ধরে এক নাগাড়ে ছুটে চলার পর খেলা শেষের বাঁশি বাজার পর মাঠ থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছেন রোনাল্ডো। যদিও খেলাশেষে দুটো গোল করার পরও তাঁর মুখে সেই প্রশান্তির ছায়া দেখা যায়নি। কারণ, তাঁর হ্যাটট্রিক করার ইচ্ছা পূর্ণ হয়নি। খেলার অন্তিমলগ্নে বেশ কয়েক বার জালে বল ঢোকানোর চেষ্টা করেন রোনাল্ডো। কিন্তু ব্যর্থ হন। তবে খেলাশেষে মাঠ ছাড়ার সময় স্বাভাবিক ভাবেই ক্যামেরা তাঁর দিকে ঘুরে যায়। তখন ক্যামেরার সামনে ‘আই অ্যাম ব্যাক’ বলে চিৎকার করে ওঠেন পর্তুগিজ তারকা। যেন নিন্দকদের মুখের উপর জবাব দেওয়ার জন্যই এই কথা বললেন তিনি।

অপর এক ভিডিয়োয় দেখা গিয়েছে, ম্যাচের পরে সাংবাদিক সম্মেলন চলছে। মাইকের সামনে দাঁড়িয়ে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সাংবাদিকেরা একের পর এক প্রশ্নবাণ ছুড়ে দিচ্ছেন তাঁর দিকে। এক সাংবাদিক লিয়োনেল মেসিকে নিয়ে প্রশ্ন করতেই চটে যান রোনাল্ডো। পরবর্তী প্রশ্ন করার আবেদন করেন। সাংবাদিকদের মুখের উপর বলে দেন, প্রশ্নের উপর নির্ভর করছে আমি উত্তর দেব কি না। ভাইরাল এই ভিডিয়ো ঘিরে রোনাল্ডোর ‘দাম্ভিকতা’ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

‘বার্সা নিউজ় ২৪*৭’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রোনাল্ডোর ‘আই অ্যাম ব্যাক’ বলার ভিডিয়োটি ভাগ করা হয়েছে। অন্য দিকে ‘স্কাইস্পোর্টস’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সাংবাদিক সম্মেলনের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। উভয় ভিডিয়োই প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়ো দু’টির মন্তব্যবাক্স। রোনাল্ডোপ্রেমীরা যেমন রোনাল্ডোর সমর্থনে কথা বলেছেন, তেমনই বহু নেটাগরিক রোনাল্ডোকে দাম্ভিক, রগচটা প্রভৃতির তকমা দিয়েছেন।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
৩ ঘণ্টা আগে
Viral Video Viral Story Cristiano Ronaldo Portugal Football fifa Football World Cup

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy