সাপ নামটি শুনলেই অনেকে আঁতকে ওঠেন। বিষধর এই প্রাণী মনে আতঙ্ক সৃষ্টি করার মতোই। যদিও সব সাপেরই যে বিষ থাকে তা নয়। কিন্তু বিষধর সাপের এক ছোবলই প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। চন্দ্রবোড়া সেই দলেই পড়ে। লোকালয়ে তার দেখা পাওয়া যেমন ভয়ের, তেমনই চিন্তার। মুম্বইয়ের মাটির তলা থেকে ছুটে চলা মেট্রোর প্ল্যাটফর্মে দেখা মিলল সেই চন্দ্রবোড়ার। তার পর কী হল? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার সকাল ৭টা ৪৭ মিনিটে সাপটিকে দেখা যায়। মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের মেট্রো স্টেশনের ৩ নম্বর লাইন সংলগ্ন প্ল্যাটফর্মে সাপটিকে দেখতে পাওয়া যায়। ওই মেট্রো স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তৎক্ষণাৎ বন্যপ্রাণী উদ্ধারকর্মীদের খবর দেন। এরই সঙ্গে মেট্রো স্টেশনের কন্ট্রোল রুম এবং মুম্বই রেঞ্জের কর্মকর্তাদেরও খবর দেওয়া হয়। তাঁরা এসে সাপটিকে শনাক্ত করে জানান যে এটি চন্দ্রবোড়া। ভারতের অন্যতম বিষধর সাপ। সেটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্ল্যাটফর্মে শুয়ে রয়েছে বিষধর সাপ। সরীসৃপটিকে দেখে মনে হচ্ছে মানুষজন দেখে সে বেশ শঙ্কিত। পালানোর পথ খুঁজছে। নিরাপত্তারক্ষীরা সেটিকে দেখে এগিয়ে গেলেন। জলের বোতল খুলে সাপটির মুখের সামনে জল ঢেলে দিলেন নিরাপত্তারক্ষীরা। সাপটি সঙ্গে সঙ্গে জল পান করা শুরুও করে দেয়। বিষধর সাপটি কাউকে কামড়ানোর জন্য উদ্যত হয় না। উল্টে প্ল্যাটফর্মের এক কোনায় দেওয়ালের ধার ঘেঁষে নিস্তেজ হয়ে শুয়ে থাকতে দেখা যায় তাকে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘নেক্সটমিনিটনিউজ়৭’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। নেটাগরিকেরা সাপটিকে সুস্থ শরীরে উদ্ধার করা হয়েছে জানতে পেরে খুশি হয়েছেন। মেট্রোর নিরাপত্তারক্ষী-সহ বন্যপ্রাণী রক্ষাকারীদের প্রশংসা করেছে নেটপাড়া।