Advertisement
E-Paper

ওভারটেক না করতে দেওয়ার ‘শাস্তি’, ট্রাফিক সিগন্যালে তরুণকে মারধর করে গাড়ি ‘ধ্বংস’ করলেন দুই কলেজপড়ুয়া!

সামনের গাড়ি এগিয়ে যাওয়ার সুযোগ দেয়নি। তাই বেজায় রেগে যান দুই কলেজপড়ুয়া। পাশের গাড়ির চালকের উপর চড়াও হন। তাঁর শখের গাড়িটিও ছাড় পায় না। সেটিরও জানলার কাচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১২:২৮
car

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছিলেন দুই কলেজপড়ুয়া তরুণ। রেষারেষিতে পিছিয়ে পড়েন। সামনের গাড়ি এগিয়ে যাওয়ার সুযোগ দেয়নি। তাই বেজায় রেগে যান দুই কলেজপড়ুয়া। সামনের গাড়ির চালকের উপর চড়াও হন তাঁরা। এমনকি তাঁর শখের গাড়িটিও ছাড় পায় না। সেটিরও জানলার কাচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ভয়ঙ্কর সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের সূত্রে খবর, আহত তরুণের নাম অভিষেক। তিনি দিল্লির বাসিন্দা। অফিসের কাজে শনিবার গুরুগ্রাম এসেছিলেন। দিল্লি ফেরার সময় তাঁর গাড়ির পিছু নেয় এক এসইউভি। সেই গাড়ির চালক তাঁকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু অভিষেকের কথা অনুযায়ী, পাশ কাটিয়ে যেতে দেওয়ার মতো জায়গা ছিল না। সেই কারণে অভিষেক নিজের ছন্দে গাড়ি ছোটাতে থাকেন। কিন্তু সেই এসইউভিতে থাকা দুই তরুণের বিষয়টি ভাল লাগেনি। তাঁরা গুরুগ্রামের শোহরানপুর থেকে রাজীবচক পর্যন্ত অভিষেকের গাড়িকে অনুসরণ করেন। মাঝে দুই তরুণ এসইউভিটি অভিষেকের গাড়ির সামনে দাঁড় করিয়ে তাঁর রাস্তা আটকানোরও চেষ্টা করেন। কিন্তু অভিষেক তাঁদের কাটিয়ে বেরিয়ে যান, যা তরুণদের রাগ আরও বাড়িয়ে দেয়। শেষে রাজীবচকে এসে অভিষেক আটকে যান।

গুরুগ্রাম পুলিশের কাছে করা অভিষেকের অভিযোগ অনুযায়ী, রাজীবচকে ট্রাফিক সিগন্যালে অভিষেকের গাড়ির পাশে এসে দাঁড়ায় এসইউভিটি। তার পর সেই গাড়ি থেকে দু’জন তরুণ লাঠি হাতে বেরিয়ে আসেন। অভিষেকের গাড়ির পিছনের কাচ আর আসনের পাশে থাকা জানলার কাচ সেই লাঠি দিয়ে মেরে ভেঙে দেওয়া হয়। অভিষেকও এই হামলায় আহত হন। অভিষেকের করা অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই গুরুগ্রাম পুলিশ অভিযুক্তদের গ্রেফতারও করে। বর্তমানে তাঁরা পুলিশের হেফাজতে রয়েছেন।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, দিনের ব্যস্ত রাস্তা। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে একের পর এক গাড়ি। এক গাড়ি থেকে শোনা গেল আর্তনাদ। ‘আমার গাড়ি ভেঙে ফেলা হচ্ছে, দেখে যান কী করছে’ বলে চিৎকার করে চলেছেন এক তরুণ। পাশে দাঁড়িয়ে থাকা কালো এসইউভির জানলার কাচ নামিয়ে এক তরুণ চিৎকার করে চলা তরুণকে চুপ করে থাকার হুমকি দেন। তার পর সিগন্যাল সবুজ হলে তিনি গাড়ি ছুটিয়ে চলে যান। তার পর আহত তরুণ ভিডিয়োয় জানান, পাশের কালো এসইউভির সেই তরুণই তাঁর গাড়ির এই অবস্থা করেছেন। সঙ্গে আরও এক তরুণ ছিলেন। আহত তরুণ তাঁদের গাড়ি নিয়ে পাশ কাটানোর জায়গা দেননি বলে তাঁর সঙ্গে এমনটা করা হয়েছে। এই বলে তরুণ নিজের গাড়িটি দেখালেন। যেখানে দেখা গেল পিছনের কাচ গুঁড়ো হয়ে গিয়েছে। গাড়ির ভিতর কাচের টুকরোয় ভরে রয়েছে। চালকের আসনের পাশের জানলাটির কাচেরও একই অবস্থা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘লক্ষ্যমেহতা০৮’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৮৯ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া করেছেন এবং মন্তব্য জানিয়েছেন। দুই কলেজপড়ুয়া তরুণের কাণ্ড দেখে ক্ষুব্ধ নেটপাড়া। তাঁরা দুই তরুণের শাস্তির আবেদন করেছেন।

Viral Video Viral Story Gurugram Road Rage Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy