বিদ্যুৎশক্তিচালিত স্কুটি কিংবা গাড়ির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ২০২৪ পর্যন্ত ৫.৮ কোটিরও বেশি গাড়ি তৈরি এবং বিক্রি হয়েছে। এর মধ্যে ভারতেই রয়েছে ২০ লক্ষ গাড়ি। তাই এই ক্ষেত্রে চাকরির চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল ভেহিকল সিস্টেমস এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনার সুযোগও বাড়ছে। এই বিষয়টি নিয়েই স্নাতকোত্তর স্তরে ভর্তি নেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ভিলাই।
ওই প্রতিষ্ঠান থেকে এগ্জ়িকিউটিভ মাস্টার অফ টেকনোলজি-র (এমটেক) অধীনে ইলেকট্রিক্যাল ভেহিকল সিস্টেমস নিয়ে পড়াশোনা করা যাবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, মেটালার্জিক্যাল, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা ওই বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পাওয়া যাবে।
— প্রতিনিধিত্বমূলক চিত্র।
দু’বছরের স্নাতকোত্তর স্তরের কোর্সটির ক্লাস অনলাইনে করানো হবে। ক্লাসের সঙ্গে হাতেকলমে প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের প্রকল্পে গবেষণার কাজও শেখার সুযোগ পাবেন পড়ুয়ারা। এ ছাড়াও এমটেক ডিগ্রি অর্জনের পর আইআইটি, ভিলাই থেকে পিএইচডিও করতে পারবেন।
আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন খতিয়ে দেখার পর কাউন্সেলিং পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবেন আইআইটি, কর্তৃপক্ষ। এর পর ই-মেল মারফত ফি এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য জানিয়ে দেওয়া হবে।