Advertisement
E-Paper

ভোটগণনা, নির্বাচন কমিশনের গাড়ি থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, বন্ধ পঠনপাঠন

উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যও সকলকে ই-মেলের মাধ্যমে ওই দিন সব ক্লাস বন্ধ রাখার কথা বলেছেন। কোনও মৌখিক বা অন্য কোনও পরীক্ষা থাকলেও তা-ও বন্ধ রাখার কথা বলেছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৯:২৪

— প্রতীকী চিত্র।

ভোটগণনায় বন্ধ থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন। আগামী ৪ মে রাজ্য বিধানসভার ভোটগণনা চলবে বিশ্ববিদ্যালয়ের পাশে আচার্য প্রফুল্লচন্দ্র পলিটেকনিক ইনস্টিটিউশনে। বিশ্ববিদ্যালয় চত্বরে গাড়ি দাঁড় করানোর অনুমতি চেয়েছে নির্বাচন কমিশন। তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিমবক্স মণ্ডল বলেন, ‘‘পাশেই আচার্য প্রফুল্ল চন্দ্র পলিটেকনিক ইনস্টিটিউশন-এ ৭টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা চলবে। নির্বাচন কমিশনের তরফ থেকে ক্যাম্পাসের ভিতরে গাড়ি পার্কিং করা হবে। সে কারণে ওই দিন সব ক্লাস বন্ধ থাকবে।’’

উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যও সকলকে ই-মেলের মাধ্যমে ওই দিন সব ক্লাস বন্ধ রাখার কথা বলেছেন। কোনও মৌখিক বা অন্য কোনও পরীক্ষা থাকলেও তা-ও বন্ধ রাখার কথা বলেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এই প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে ভোট গণনা হবে। সে কারণে বেশ কয়েকদিন আগেই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে ক্যাম্পাসের ভিতরে নির্বাচন কমিশনের গাড়ি পার্কিং করার জন্য অনুমতি চাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সবুজ সঙ্কেতও দেওয়া হয়। কিন্তু কী ভাবে কোথায় কত গাড়ি থাকবে সেই বিষয়ে নিশ্চিত ছিলেন না কর্তৃপক্ষ। বৃহস্পতিবার অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ৬০-৭০টি গাড়ি ক্যাম্পাসে দাঁড় করানো হবে। সে কারণে শুধুমাত্র ৫ নম্বর ফটক ব্যবহার করবে কমিশন। সে দিন শুধুমাত্র ক্লাস বন্ধ করা হয়েছে। প্রশাসনিক কাজ চলবে। বিশ্ববিদ্যালয় খোলা থাকবে বলেই জানান এক কর্তা। তাই সকলকে ৫ নম্বর ফটকের বদলে ৩ এবং ৪ নম্বর ফটক ব্যবহার করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছেন কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জানান যে এই প্রথম বার ক্যাম্পাসের কাছে ভোট গণনা হওয়ার ক্লাস বন্ধ থাকছে।

vote counting
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy