এসআইআর আবহে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করবেন প্রাথমিক, উচ্চ প্রাথমিকের শিক্ষকেরা। কিন্তু প্রশ্ন উঠেছিল সেন্টার ইনচার্জের দায়িত্ব কারা নেবেন। অবশেষে স্কুল পরিদর্শক ও জেলা স্কুল পরিদর্শকদের ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ থেকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন।
এ বছর উচ্চ মাধ্যমিকে একইসঙ্গে তিন ধরনের পরীক্ষা চলবে। চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টার, তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি ও পুরনো বার্ষিক পদ্ধতিতে হবে উচ্চ মাধ্যমিক। মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ১১ হাজার। শিক্ষক সমস্যা সমাধান হলেও, এসআইআর আবহে সেন্টার ইনচার্জের কাজে সরকারি কর্মীদের পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছিল। সেন্টার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেন স্কুল পরিদর্শক ও জেলা স্কুল পরিদর্শকেরা। এ বছর তাঁরা এসআইআর-এর কাজে নিযুক্ত হয়েছিলেন। ফলে পরীক্ষা এবং নির্বাচনী কাজ একসঙ্গে কিভাবে সামাল দেওয়া যাবে তাই ছিল প্রশ্ন। অবশেষে পরীক্ষা চলাকালীন তাঁদের নির্বাচনী কাজ থেকে অব্যাহতি দিল কমিশন।
আরও পড়ুন:
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, “আমরা ভার্চুয়ালি কনভেনার(ডিআই) এবং জয়েন্ট কনভেনারদের সঙ্গে বৈঠক করেছি। পরীক্ষা চলাকালীন ২১০৩টি পরীক্ষাকেন্দ্রে ইনচার্জ সংক্রান্ত কোনও সমস্যা আর নেই। তবে তাঁরা পরীক্ষার সময়টুকুই কাজ করবেন।”
এ দিকে মঙ্গলবার মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষাতেও মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢুকে ধরা পড়ল দশ পরীক্ষার্থী। সকলের পরীক্ষা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আলিপুরদুয়ারের একটি স্কুলের চার জন পরীক্ষার্থীর মোবাইল সহ ধরা পড়েছে। এ ছাড়া, নদিয়ায় তিনজন, হুগলী পূর্ব বর্ধমান ও কোচবিহারে একজন করে পরীক্ষার্থীকে মোবাইলসহ পাকড়াও করা হয়েছে বলে জানিয়েছে পর্ষদ।
অঙ্কের মতো ভৌত বিজ্ঞান পরীক্ষাতেও ঘটল প্রশ্নপত্র ছিড়ে ফেলার ঘটনা। এ দিন উত্তর দিনাজপুরের একটি পরীক্ষাকেন্দ্রে একেবারে শেষ মুহূর্তে এক পরীক্ষার্থী তার খাতা ছিড়ে ফেলে বলে অভিযোগ। ওই পরীক্ষার্থীকে আরএ করা হয়েছে।