Advertisement
E-Paper

দ্বাদশের পরেই ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট কোর্স পড়ার সুযোগ, কোন কোন প্রবেশিকা দিতে হবে?

কোর্সে ভর্তির সুযোগ পেলে একইসঙ্গে বিবিএ এবং এমবিএ করার সুযোগ পান পড়ুয়ারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৯:২৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি বা পদোন্নতির জন্য অনেক সময়ই প্রয়োজন এমবিএ-র। ম্যানেজমেন্টের খুঁটিনাটি জানতে কখনও চাকরির পাশাপাশি আবার কখনও স্নাতক বা স্নাতকোত্তরেই পরেই অনেকে নাম নথিভুক্ত করেন এমবিএ-তে। তবে দ্বাদশের পরীক্ষার পরই শুরু করা যায় ম্যানেজমেন্ট-এর পড়াশোনা। বর্তমানে এমনই কোর্স চালু করা হয়েছে দেশের বিভিন্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম)-এর তরফে।

কোর্স

সম্প্রতি দেশের বেশ কয়েকটি আইআইএম-এর তরফে আয়োজন করা হয় ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট (আইপিএম)। যার মেয়াদ পাঁচ বছর। কোর্সে ভর্তির সুযোগ পেলে একইসঙ্গে বিবিএ এবং এমবিএ করার সুযোগ পান পড়ুয়ারা। অনেক প্রতিষ্ঠানে তিন বছর শেষে স্নাতক যোগ্যতা অর্জন করে কোর্স থেকে বেরিয়ে যাওয়ার সুযোগও মেলে। বহুবিভাগীয় এই প্রোগ্রামে পড়ানো হয় ম্যানেজমেন্ট, সমাজবিজ্ঞান, ডেটা অ্যানালিসিস-সহ নানা বিষয়। একইসঙ্গে কোর্স থেকে হাতেকলমে প্রশিক্ষণের সুযোগ এবং পেশাপ্রবেশের খুঁটিনাটিও শেখা যায়।

যোগ্যতা

যে কোনও বিভাগ থেকে দ্বাদশোত্তীর্ণদের ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্টে ভর্তির সুযোগ মেলে। তবে দ্বাদশে থাকতে হয় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর। প্রতিষ্ঠানের উপর নির্ভর করে অনেকক্ষেত্রে পড়ুয়াদের দ্বাদশে গণিত বা রাশিবিজ্ঞান থাকাও জরুরি।

প্রবেশিকা

দেশের বিভিন্ন আইআইএম ছাড়াও কয়েকটি নামী প্রতিষ্ঠানে প্রবেশিকার মাধ্যমে আইপিএম-এ ভর্তির সুযোগ মেলে। একটি ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট ইন অ্যাপ্টিটিউড টেস্ট (ইপম্যাট)। অন্যটি, জয়েন্ট ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (জিপম্যাট)।

ইপম্যাট

ইপম্যাট প্রবেশিকাটি দু’ঘণ্টার। কম্পিউটার নির্ভর পরীক্ষায় থাকে ৯০টি প্রশ্ন। পরীক্ষায় উত্তীর্ণেরা আইআইএম ইনদওর, আইআইএম রোহতক এবং আইআইএম রাঁচি থেকে আইপিএম কোর্স করতে পারবেন।

জিপম্যাট

জিপম্যাট প্রবেশিকার জন্য বরাদ্দ সময় আড়াই ঘণ্টা। কম্পিউটার নির্ভর এই পরীক্ষায় থাকে ১০০ নম্বর। পরীক্ষায় উত্তীর্ণরা আইআইএম বৌধগয়া এবং আইআইএম জম্মু সংশ্লিষ্ট কোর্স করতে পারেন।

তবে দু’টি প্রবেশিকার নম্বরের ভিত্তিতে ভর্তির সুযোগ মেলে আইআইএম অমৃতসর, আইআইএম কাঁকিনাড়া, নালসার ইউনিভার্সিটি অফ ল হায়দরাবাদ, আইআইএফটি কাঁকিনাড়া-সহ অন্য প্রতিষ্ঠানেও।

Integrated Programme in Management Integrated Management Course MBA Course 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy