প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে জর্জরিত নিট ইউজি। দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। এই পরিস্থিতিতে সুষ্ঠু ভাবে পুনঃপরীক্ষার আয়োজন করতে চাইছে কেন্দ্র। ফলে তৎপরতা বৃদ্ধি পেয়েছে নানা রাজ্যে।
রবিবার, ২১ জুন নতুন করে নিট দেবেন ২২ লক্ষ ৭৯ হাজার পরীক্ষার্থী। তাঁরা যাতে সুষ্ঠু ভাবে পরীক্ষা দিতে পারেন, সে জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন রাজ্যে। কোথাও বিনামূল্য বাস পরিষেবার কথা ঘোষণা করা হয়েছে। কোথাও গরমে নাজেহাল পরীক্ষার্থী এবং অভিভাবকদের তৈরি হয়েছে ‘কুলিং জ়োন’।
রাজধানীতে বিশেষ আয়োজন
নয়া দিল্লি থেকে পুনঃপরীক্ষা দেবেন প্রায় ৬০ হাজার পরীক্ষার্থী। দিল্লি-এনসিআর মিলিয়ে প্রায় ১ লক্ষ জন পরীক্ষা দিতে আসবেন। বেলা ১১টা থেকে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে আসার নির্দেশ দিয়েছে এনটিএ। গরমের কারণে যাতে তাঁদের সমস্যায় যাতে পড়তে না হয়, পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য মোট ১০০টি কুলিং জ়োন তৈরি করা হয়েছে। এ ছাড়াও দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডিটিসি) পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দিতে চলেছে।
উত্তরপ্রদেশ
যোগী সরকারের তরফে ৫০ শতাংশ ভাড়া মকুব করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, ২০ এবং ২১ জুন নিট পুনঃপরীক্ষার পরীক্ষার্থীদের জন্য ওই নিয়ম জারি করা হচ্ছে। এর জন্য পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডের একটি প্রতিলিপি বাস কন্ডাক্টরের কাছে জমা দিতে হবে। ওই অ্যাডমিট কার্ড যাচাই করার পর পরীক্ষার্থীদের একটি ‘চাইল্ড টিকিট’ দেওয়া হবে। পরীক্ষার্থীদের নাম, রোলনম্বর, কোন রুটের বাস ধরলেন— সব তথ্য সংরক্ষণের ব্যবস্থাও করা হবে। রাজ্য সরকারি নির্দেশ অনুযায়ী, পরীক্ষার দিন বাস পরিবহণ বিভাগের কোনও সরকারি কর্মী ছুটি নিতে পারবেন না।
বিহার
নিট পুনঃপরীক্ষার আয়োজনে বিশেষ পদক্ষেপ করেছে বিহার সরকার। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি জানিয়েছেন, রাজ্যের ৯৭৫টি সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের কাছে পুনঃপরীক্ষার অ্যাডমিট কার্ড থাকলেই চলবে। দূরপাল্লার কিংবা স্থানীয় এলাকার কেন্দ্রে বাসে যাতায়াত করার জন্য আলাদা করে তাঁদের কোনও রেজিস্ট্রেশন করতে হবে না। তবে, পরীক্ষার্থীদের অভিভাবকরা এই সুবিধা পাবেন না। তাঁদের টিকিট কেটেই যাতায়াত করতে হবে।
ঝাড়খণ্ড
অতিরিক্ত ভিড় এড়াতে এবং প্রত্যন্ত এলাকার পরীক্ষার্থীদের সুবিধার্থে রাঁচি রেলওয়ে ডিভিশনের তরফে পরীক্ষার জন্য আলাদা করে দু’টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। একটি ট্রেন পিস্কা থেকে বারওয়াদিহ স্টেশন পর্যন্ত এবং অন্যটি রাঁচি থেকে ধানবাদ পর্যন্ত চলবে। এ ছাড়াও রেল স্টেশন চত্বরে আলাদা করে হেল্পডেস্ক থাকবে, সেখান থেকেও পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করা হবে।
উত্তরাখণ্ড
রাজ্যের স্থায়ী বাসিন্দাদের মধ্যে যাঁরা নিট দেবেন, তাঁদের আলাদা করে বাসের টিকিট কাটতে হবে না। উত্তরাখণ্ড সরকারের তরফে এই বিষয়ে বিশদ নির্দেশিকা জারি করা হয়েছে। জানানো হয়েছে, ১৯ জুন থেকে ২৩ জুন পর্যন্ত পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড দেখিয়ে বাসে যাতায়াত করতে পারবেন।
ওড়িশা
ওড়িশা সরকারের তরফে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করা হয়েছে। এ ক্ষেত্রে আগে তাঁদের অ্যাডমিট কার্ড যাচাই করিয়ে নিতে হবে। শুধুমাত্র পরীক্ষার দিনই ওই পরিষেবা পাবেন পরীক্ষার্থীরা।
অন্ধ্রপ্রদেশ
রাজ্যের সরকারি বাসগুলিতে অ্যাডমিট কার্ড দেখিয়ে যাতায়াতের সুবিধা পাবেন পরীক্ষার্থীরা। অন্ধ্র সরকারের তরফে জানানো হয়েছে, বিনামূল্য পরীক্ষার দিন ওই পরিষেবা রাজ্যের বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীদের দেওয়া হবে।
পঞ্জাব
২০ জুন থেকে ২২ জুন পর্যন্ত অ্যাডমিট কার্ড দেখিয়ে পরীক্ষার্থীরা পঞ্জাবের সরকারি বাসে যাতায়াত করতে পারবেন।
২১ জুন দুপুর ২টো থেকে পরীক্ষা শুরু হতে চলেছে। পুনঃপরীক্ষায় সময়সীমা ১৫ মিনিট বৃদ্ধি করা হয়েছে। তাই পরীক্ষা শেষ হবে চলবে ৫টা ১৫ নাগাদ। পরীক্ষাকেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে পৌঁছাতে হবে পরীক্ষার্থীদের। ওই সময়ের পর আর কোনও পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হবে না।
তাই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে দেওয়া পরীক্ষাকেন্দ্রের ঠিকানা দেখে নিতে হবে ভাল করে। তাঁদের অন্তত দেড় ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে আসতে হবে। এতে বায়োমেট্রিক ভেরিফিকেশন দ্রুত করে নিতে পারবেন আধিকারিকরা।