Advertisement
E-Paper

অ্যাডমিট কার্ডে ছবি ও স্বাক্ষরে ত্রুটি! শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষার দু’ঘণ্টা আগে মিলবে সংশোধনের সুযোগ

পরীক্ষার দিন নিজের পরীক্ষাকেন্দ্রে গিয়ে এই ভুল সংশোধন করাতে পারবেন প্রার্থীরা। এসএসসি তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, যে সব পরীক্ষার্থীর ছবি বা স্বাক্ষর যথাযথ ভাবে আপলোড করা হয়নি, তাঁদের জন্যই এই সুযোগ দেওয়া হচ্ছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১২
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

মার্চের দু’টি সপ্তাহে আয়োজিত হতে চলেছে, এসএসসি-র শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষা। অভিযোগ বহু পরীক্ষার্থীরই অ্যাডমিট কার্ডে ছবি এবং স্বাক্ষরে অস্পষ্টতা রয়েছে। সে সব ত্রুটি সংশোধনের সুযোগ দেবে এসএসসি।

জানানো হয়েছে, পরীক্ষার দিন নিজের পরীক্ষাকেন্দ্রে গিয়ে এই ভুল সংশোধন করাতে পারবেন প্রার্থীরা। এসএসসি তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, যে সব পরীক্ষার্থীর ছবি বা স্বাক্ষর যথাযথ ভাবে আপলোড করা হয়নি, তাঁদের জন্যই এই সুযোগ দেওয়া হচ্ছে।

তবে এই প্রথম নয়। এ সমস্যা ধরা পড়েছিল আরও আগেই। তাই গত ৩ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ত্রুটি সংশোধনের। কিন্তু তার পরও যাঁদের ত্রুটি সংশোধন করা যায়নি, তাঁদের ফের সুযোগ দিতে চাইছে এসএসসি।

নিয়ম অনুযায়ী, পরীক্ষাকেন্দ্রে সকাল ১০টার মধ্যে পৌঁছনোর কথা। পরীক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে আসল আধার কার্ড, প্যান ও নিজের সই করা অ্যাডমিট কার্ডের ফটোকপি। সঙ্গে রাখতে হবে নিজের সই করা ছবিও।

পরীক্ষার ২ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে এই সমস্যার সমাধান করতে হবে পরীক্ষার্থীকে। না হলে তাঁর পরীক্ষা বাতিল হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আগামী ১ এবং ৮ মার্চ গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগের জন্য পরীক্ষা নেবে এসএসসি। গ্রুপ-সি শূন্যপদ রয়েছে ২৯৮৯টি, গ্রুপ-ডি শূন্যপদ ৫৪৮৮টি। ইতিমধ্যেই দু’টি পদে নিয়োগের জন্য আবেদন করেছেন প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী। এর মধ্যে গ্রুপ-সি নিয়োগের জন্য প্রায় ৮ লক্ষ ১৩ হাজার এবং গ্রুপ ডি-তে নিয়োগের জন্য প্রায় ৮ লক্ষ ২০ হাজার আবেদন জমা পড়েছে।

প্রায় ১৭০০ পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হবে। গ্রুপ-সি নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের। আর গ্রুপ-ডি নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হবে ৪০ নম্বরের। দুপুর ১২ থেকে পরীক্ষা শুরু হবে। গ্রুপ-সি পরীক্ষা হবে ১ ঘণ্টা ৫০ মিনিট। গ্রুপ ডি-র পরীক্ষা হবে ১ ঘণ্টা ২০ মিনিট।

WBSSC Group C Group D
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy