Advertisement
E-Paper

নাবালিকা-ধর্ষণে ধৃত বাবাকে ছাড়়াতে ‘বিজেপি নেতাদের নিয়ে হুমকি’! পুত্রকে গ্রেফতার করল শান্তিপুরে থানার পুলিশ

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ২০২৪ সালে শান্তিপুর থানা এলাকায় এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই সময়ে বিজেপির বুথ সভাপতি ছিলেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ২০:১৮

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে নদিয়ার শান্তিপুরে। বছর দুয়েক আগে এক নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্ত গ্রেফতার হওয়া এক যুবকের পরিবার স্থানীয় কয়েক জন বিজেপি নেতাকে নিয়ে নির্যাতিতার বাড়িতে চড়াও হয়ে হুমকি দিচ্ছিলেন অভিযোগ ওঠে। মামলা তুলে না নিলে ভিটেছাড়া করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। ওই ঘটনায় নির্যাতিতার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তের পুত্রকে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ। রবিবার রানাঘাট আদালতে হাজির করানো হয়েছে ধৃতকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ২০২৪ সালে শান্তিপুর থানা এলাকায় এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই সময়ে বিজেপির বুথ সভাপতি ছিলেন। সেই সময় পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। পকসো আইনে মামলা রুজু হয়। এখনও জেল হেফাজতে রয়েছেন অভিযুক্ত।

গত ২১ মে অভিযুক্তের পুত্র স্থানীয় কয়েক জনকে নিয়ে নির্যাতিতার বাড়িতে চড়াও হন বলে অভিযোগ। বলা হয়, মিথ্যা অভিযোগে তাঁর বাবা জেল খাটছেন। অভিযোগ তুলে নিতে হবে।

নির্যাতিতার মায়ের অভিযোগ, অভিযুক্তেরা তাঁর বাড়িতে ঢুকে দু’বছরের পুরোনো মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। তিনি বলেন, ‘‘কেস না তুললে সপরিবারে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় আমাদের। ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হবে বলা হয়। চরম আতঙ্কে ওই রাতেই শান্তিপুর থানায় যাই। পুলিশে অভিযোগ জানাই।’’

পুলিশ জানাচ্ছে, অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। শনিবার রাতে এলাকায় অভিযান চালিয়ে নাবালিকা নির্যাতনে ধৃতের পুত্রকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আর কারা জড়িত ছিলেন, তাঁদের খোঁজ চলছে।

Shantipur BJP POCSO Case threat Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy