Advertisement
E-Paper

কলা না কি বিজ্ঞান! একাদশ-দ্বাদশে কোন বিভাগে কোন বিষয় নিয়ে পড়লে সুবিধা হবে উচ্চশিক্ষায়?

কোন বিষয় বেছে নিলে সুবিধা হবে তা জরিপ করে রাখা ভাল ফলপ্রকাশের আগেই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ০৯:১২

ছবি: এআই সহায়তায় প্রণীত।

সদ্য শেষ হয়েছে চলতি বছরের মাধ্যমিক। আগামী কয়েক মাসেই একাদশ-দ্বাদশের জন্য বেছে নিতে হবে পাঠ্যবিষয়। তার উপরই নির্ভর করছে, ভবিষ্যৎ এগোবে কোন পথে। তাই কোন বিষয় বেছে নিলে সুবিধা হবে তা জরিপ করে রাখা ভাল ফলপ্রকাশের আগেই।

কোন কোন বিষয় মাথায় রেখে বিষয় বাছাই?

কল্যাণীর পান্নালাল ইনস্টিটিউশনের প্রধানশিক্ষক রমেনচন্দ্র ভাওয়াল বলেন, “শুধু কোন কোন বিষয় পাঠ্যক্রমে থাকলে উচ্চ মাধ্যমিকে ভাল ফল হবে, তা নিয়ে ভাবনাই যথেষ্ট নয়। ভবিষ্যতে কোন বিষয় পড়লে কাজের সুযোগ বাড়বে, তা-ও মাথায় রাখতে হবে। সেই অনুযায়ী বিষয় বেছে নিতে হবে।” একই মত, যাদবপুর বিদ্যাপীঠের প্রধানশিক্ষক পার্থপ্রতিম বৈদ্যেরও। তবে এ ক্ষেত্রে পড়ুয়াদের প্রতি তাঁর বার্তা, “কোনও বিষয় বেছে নেওয়ার আগে ভাল ভাবে বিবেচনা করে দেখতে হবে, সে বিষয়ের প্রতি পড়ুয়ার আগ্রহ রয়েছে কি না। পরিবার বা অন্য কোনও চাপে কোনও বিষয় বেছে নিলে হিতে বিপরীত হতে পারে।”

বর্তমান পরিস্থিতিতে কোন শাখার কোন বিষয় বাছাই করা উচিত?

২০২৫ থেকে সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। প্রথাগত বিষয়ের পাশাপাশি রয়েছে বৃত্তিমূলক বিষয় নির্বাচনের সুযোগও। তবে পার্থপ্রতিম বলেন, “চাকরির বাজারে এখন কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের মতো বিষয়ের ব্যাপক চাহিদা। তাই বিজ্ঞান শাখায় পড়ুয়ারা অনেক সময়ই এই বিষয়গুলি দ্বাদশে রাখতে চান।”

তবে তাঁর মত, বিজ্ঞান শাখার ক্ষেত্রে প্রথাগত বিষয় অর্থাৎ পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং জীববিদ্যা রাখাই ভাল। একই মত যোধপুর পার্ক বয়েজ় হাই স্কুলের প্রধানশিক্ষক অমিত সেন মজুমদার এবং যোধপুর পার্ক গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত সহ-প্রধানশিক্ষিকা অজন্তা চৌধুরীরও। উভয়েই জানান, যুগ যতই বদলাক ‘পিওর সায়েন্স’-এর বিষয়গুলির বিকল্প নেই। কারণ, বিজ্ঞানের যে কোনও বিষয়ই এগুলির উপর নির্ভরশীল। অমিত বলেন, “বিজ্ঞানের পড়ুয়ারা মেডিক্যালের পাশাপাশি প্যারামেডিক্যাল ও অ্যালায়েড হেল্‌থ-এর নানা বিষয় এবং নার্সিং পড়ার সুযোগ পেতে পারে।”

কলা বিভাগের অনেক পড়ুয়াও অর্থনীতি, গণিত, রাশিবিজ্ঞান নিয়ে পড়তে পছন্দ করে। এতে উচ্চশিক্ষা এবং পরবর্তীকালে কর্মজীবনে সুবিধা হতে পারে।

অজন্তা চৌধুরী বলেন, “বিজ্ঞানভিত্তিক এই বিষয়গুলি নির্বাচন করতে পারে কলা বিভাগের পড়ুয়ারাও। অনেকে আবার ভূগোলের সঙ্গে গণিত রাখেন অথবা পুষ্টিবিদ্যার সঙ্গে রসায়ন। এর ফলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয় পড়ুয়াদের।”

এ ছাড়া, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান বা ভূগোল বিষয় হিসাবে বেছে নিলে প্রশাসনিক পদে চাকরির পরীক্ষাগুলিতেও অতিরিক্ত সুবিধা পাওয়া যেতে পারে। অমিত জানান, উচ্চ মাধ্যমিক স্তর থেকে অনেকে আবার পাঠ্যবিষয়ে রাখতে চান সাংবাদিকতা ও গণজ্ঞাপন এবং ডিজিটাল মার্কেটিংও।

বাণিজ্য বিভাগ নিয়ে রমেনচন্দ্র জানান, ইদানীং পড়ুয়ারা আগ্রহী এই শাখাতেও। একই মত অমিত সেনমজুমদারেরও। তিনি বলেন, “যে হেতু ব্যবসায়িক সংস্থা গড়ে তোলার বা উদ্যোগপতি হওয়ার প্রবণতা বেশি, তাই এই বিষয়গুলির প্রতি ঝোঁক বাড়ছে পড়ুয়াদের।”

subjects for class 11 and 12 subjects for Higher Secondary Level HS Subjects
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy