বিধানসভার ভোট মিটলেই আয়োজন করা হবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (ডব্লিউবিজেইই)। আগেই পরীক্ষার দিন ঘোষণা হয়েছিল। মঙ্গলবার নির্ধারিত সময় মেনে শুরু হল পরীক্ষার নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া। প্রকাশ হল পরীক্ষা সংক্রান্ত বাকি তথ্যও।
চলতি বছরে ২৪ মে দু’টি পত্রের উপর ডব্লিউবিজেইই পরীক্ষা নেওয়া হবে। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া যাবে ডব্লিউবিজেইই-তে প্রাপ্ত র্যাঙ্কের মাধ্যমে।
পরীক্ষার জন্য নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া চলবে ৫ এপ্রিল পর্যন্ত। আবেদনমূল্য বাবদ অসংরক্ষিত শ্রেণিভুক্ত পুরুষদের ৫০০ টাকা, মহিলাদের ৪০০ টাকা এবং তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের ৩০০ টাকা জমা দিতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্ত ক্ষেত্রে আবেদনমূল্যের পরিমাণ সামান্য কম। পুরুষদের ক্ষেত্রে ৪০০ টাকা, মহিলাদের ক্ষেত্রে ৩০০ টাকা এবং তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা স্থির করা হয়েছে। ন্যূনতম বয়স হতে হবে ১৭ বছর। মেরিন ইঞ্জিনিয়ারিং বাদে অন্য বিষয়ের ক্ষেত্রে বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। যদিও মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। পাশাপাশি, তাঁদের চলতি বছরেই উত্তীর্ণ হতে হবে দ্বাদশের পরীক্ষায়। ন্যূনতম নম্বর থাকতে হবে ৬০ শতাংশ।
পরীক্ষায় প্রাপ্ত র্যাঙ্কের মাধ্যমে রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ পাবেন পড়ুয়ারা। ভর্তি হতে পারবেন একাধিক কোর্সে।
রাজ্যের যে সব প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ মিলবে—
১। কলকাতা বিশ্ববিদ্যালয়
২। যাদবপুর বিশ্ববিদ্যালয়
৩। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়
৪। পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়
৫। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়
৬। আলিয়া বিশ্ববিদ্যালয়
এ ছাড়াও বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নানা কোর্সে ভর্তির ক্ষেত্রে রাজ্য জয়েন্টে প্রাপ্ত র্যাঙ্ককে গুরুত্ব দেওয়া হবে। কোর্সগুলিতে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে কাউন্সেলিং প্রক্রিয়ার আয়োজন করা হবে। সে সম্পর্কে এখনও প্রকাশ হয়নি বিস্তারিত তথ্য।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২৪ মে পরীক্ষা হবে অফলাইনে ওএমআর শিটের মাধ্যমে। প্রথম পত্রে গণিত বিষয়ের জন্য পরীক্ষা দিতে হবে। পরীক্ষা হবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দ্বিতীয় পত্রে নেওয়া হবে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা। পরীক্ষা চলবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। প্রথম পত্রের মোট নম্বর ১০০। দ্বিতীয় পত্রে দু’টি বিষয়ের প্রতিটিতে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বর। পরীক্ষায় উত্তর ভুল হলে কাটা যাবে নম্বর।