ট্রেনে চানামাখা বিক্রি করতে উঠেছিলেন এক প্রৌঢ়া। কিন্তু বদলে জুটল রেলকর্মীদের খারাপ ব্যবহার। রেলের মেঝেতে শুয়ে হাতজোড় করে রেলকর্মীদের কাছে অনুরোধ করলেন তিনি। কিন্তু তাঁরা সেই অনুরোধ কানে তুললেন না। উল্টে সেই প্রৌঢ়াকে ধাক্কা মারলেন। আশপাশের যাত্রীরা মুখ বন্ধ করে সবটা দেখে চললেন। কেউ এক বারের জন্যও প্রতিবাদ করলেন না। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভারতীয় রেলের কোন লাইনের ট্রেনে ঘটনাটি ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের মেঝেতে চানাভর্তি গামলা নিয়ে বসে রয়েছেন এক প্রৌঢ়া। আশপাশে বসায় জায়গায় বসে রয়েছেন যাত্রীরা। দুই রেলকর্মী সেই প্রৌঢ়ার সঙ্গে অভব্য আচরণ করা শুরু করল। প্রৌঢ়া হাতজোড় করে তাঁদের কাছে ক্ষমা চাইতে লাগল। কিন্তু কী নিয়ে ঝামেলা বাধল তা বোঝা গেল না। প্রৌঢ়ার ক্ষমাপ্রার্থনা কানে তুললেন না রেলকর্মীরা। উল্টে তাঁকে ধাক্কা মারলেন। প্রৌঢ়ার হাত ধরে মেঝে থেকে তোলার চেষ্টা করলেন রেলকর্মী। কিন্তু পারলেন না। ক্ষোভে প্রৌঢ়ার গা থেকে শাড়ির আঁচল খুলে দিলেন তিনি। অসহায় প্রৌঢ়া হাতজোড় করে শুয়ে রইলেন। আশপাশের যাত্রীরা পুরো ঘটনা বোবার মতো চাক্ষুষ করলেন। এক বারের জন্যও কেউ প্রতিবাদ করলেন না। রেলকর্মীদের থামানোর চেষ্টাও করলেন না। ভিডিয়োর শেষে রেলের মেঝেতে বসে প্রৌঢ়াকে চোখের জল ফেলতে দেখা গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
ভিডিয়োটি বিপুল পরিমাণে ভাইরাল হওয়ার পর রেল কর্তৃপক্ষ সেটি নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। ‘রেলওয়েসেভা’ এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে জানানো হয়েছে তাঁরা এ বিষয়টি খতিয়ে দেখবেন। তাঁরাও এই ভিডিয়ো দেখার পর উদ্বিগ্ন এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রৌঢ়াকে বিচার পেতে সাহায্য করতে চান। কোন লাইনের ট্রেনে এই ঘটনাটি হয়েছে তা জানতে চেয়ে রেল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে ইউটিএস নম্বর এবং পিএনআর নম্বর ভাগ করে নিতে বলেছেন, যাতে তাঁরা দ্রুত পদক্ষেপ করতে পারেন।
ছবি: এক্স থেকে নেওয়া।
আরও পড়ুন:
‘হেল্দি_লাইফলাইন_’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। রেলকর্মীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন নেটাগরিকেরা। আশপাশে থাকা নীরব যাত্রীদেরও লজ্জা পাওয়া উচিত বলে জানালেন তাঁরা। ঘটনাটিকে ‘লজ্জাজনক’ বলে মনে করছে নেটপাড়া।