Advertisement
E-Paper

বিনোদনের জন্য আনা রোবটে ছড়াল আতঙ্ক, হাত-পা ছুড়ে মারধর করল পড়ুয়াদের! চিনের স্কুলের ভিডিয়ো ভাইরাল

চিনের এক স্কুলে ক্রীড়াদিবস উদ্‌যাপনের দিন মাঠে আনা হয়েছে একটি রোবট। পড়ুয়াদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই সেটিকে আনা হয়েছে। কিন্তু রোবটটি উল্টে ভয় পাইয়ে দিল শিক্ষার্থীদের। তেড়ে গেল মারতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১১:৩১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কেবল কর্মক্ষেত্র নয়, সামাজিক ক্ষেত্রেও এখন রোবটের দেখা পাওয়া যায়। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলছে বিশ্ব। তাই নানা ক্ষেত্রে মানুষের কাজ করছে রোবট। তেমন নিদর্শন সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলে প্রায়ই দেখতে পাওয়া যায়। চিনের এক স্কুলে ক্রীড়াদিবস উদ্‌যাপনের দিন মাঠে আনা হয়েছে একটি রোবট। পড়ুয়াদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই সেটিকে আনা হয়েছে। কিন্তু রোবটটি উল্টে ভয় পাইয়ে দিল পড়ুয়াদের। তেড়ে গেল মারতে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়ো অনুসারে, ঘটনাটি ঘটেছে চিনের শিনজিয়াং প্রদেশের একটি স্কুলে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঠে নানা রকমের পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে ছাত্র-ছাত্রীরাও রংবেরঙের পোশাক পরে ঘুরে বেরাচ্ছে। চলছে স্কুলের ত্রীড়াদিবস উদ্‌যাপন। সকলে হাসি-মজায় মেতে রয়েছে। কেউ নাচছে, কেউ বন্ধুদের সঙ্গে কথা বলছে। সকলের মাঝে মাঠের মধ্যে দেখা গেল সাদা রঙের এক রোবটকে। শিক্ষার্থীদের তাকে ঘিরে উৎসাহের শেষ নেই। সেটির পাশেই বেশি ভিড় দেখা গেল। রোবটটি হঠাৎই নিয়ন্ত্রণ হারাল। হাত-পা ছুড়ে ছাত্র-ছাত্রীদের মারার জন্য এগিয়ে গেল। তা দেখে মাঠের সকলে আতঙ্কে ছোটাছুটি করতে লাগল। এক তরুণ ছুটে এসে সেই রোবটটির সুইচ বন্ধ করে দিলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘বিফিটার’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ১২ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এত লোক দেখে রোবটটির মাথা ঘুরে গিয়েছে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘রোবটটিকে শিশুদের মাঝে এ ভাবে ছেড়ে রাখা উচিত হয়নি।’’

Viral Video China Viral Story Robot
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy