Advertisement
E-Paper

সাক্ষাৎ সিনেমার দৃশ্য! গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উড়ল বাইক, ঝুলে রইল ট্রাফিক লাইটে, ভাইরাল ভিডিয়ো

গতি সামলাতে না পেরে চারচাকার সামনে এসে সজোরে ধাক্কা মারে বাইকটি। তার পর উড়ে গিয়ে আটকে যায় ট্রাফিক লাইটের হাতে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৪:০৩
bike

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তার পাশে থাকা ট্রাফিক লাইটের হাতে ঝুলছে বাইক। তার নীচে দাঁড়িয়ে রয়েছে দুমড়োনো-মুচড়োনো চারচাকা। গতি হারিয়ে বাইকটি এসে চারচাকার সামনের অংশে ধাক্কা মারে। ভয়ঙ্কর সেই দুর্ঘটনার পরবর্তী দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে কানাডার ডেল্টা এবং সাররে সীমান্তের নিকটবর্তী রাস্তায়।

কানাডা পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাইকটি জোর গতিতে এগিয়ে এসে নামী সংস্থার রুপোলি রঙের গাড়ির সামনের অংশে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারানোর ফলেই এমনটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। দু’চাকার গতি এতটাই বেশি ছিল যে ধাক্কা মারার পর সেটি উড়ে যায় এবং ট্রাফিক লাইটের হাতে আটকে গিয়ে ঝুলে পড়ে। বাইকের চালক গুরুতর আহত হলেও প্রাণ হারানোর ঝুঁকি নেই বলে জানতে পারা গিয়েছে। বর্তমানে কানাডার এক হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রাফিক লাইটের হাতে ঝুলে রয়েছে আস্ত বাইক। দু’চাকাটি দেখে মনে হচ্ছে সেটি বেশ দামি। ভারিও বটে। কিন্তু সেটির ওজন দিব্য সহ্য করে নিয়েছে ট্রাফিক লাইটের হাতল। সামনের চাকা সংলগ্ন ফ্রন্ট ফোর্কটি সেই হাতলের ভিতর ঢুকে আটকে গিয়েছে। সে ভাবেই ঝুলে রয়েছে বাইকটি। নীচে দাঁড়িয়ে রয়েছে রুপোলি রঙের একটি চারচাকা। সেটির সামনেটা প্রায় ভেঙে গিয়েছে বললেই চলে। গাড়ির ভাঙাচোরা অংশগুলি রাস্তার ইতিউতি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। তার পাশে রাস্তার উপর শুয়ে রয়েছেন এক তরুণ। তাঁকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন তিন ব্যক্তি। দেখে মনে হল ওই তরুণই সেই বাইকটি চালাচ্ছিলেন। রাস্তার বাকি লোকেদের চোখ আটকে রয়েছে সেই ঝুলন্ত বাইকের দিকে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘কলিন রাগ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ১৮ লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। ১৩ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরে গিয়েছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘দৈবিক শক্তির অশেষ কৃপা যে কারও প্রাণ যায়নি।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘গতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারেলই এমনটা আর হয় না।’’

Viral Video Viral Story Canada Road Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy