পাঠ্যক্রমের বাইরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নানা পেশাভিত্তিক কোর্স করানো হয়ে থাকে। পাশাপাশি সময়োপযোগী বিষয় নিয়ে চলে কর্মশালা, আলোচনাসভাও। দক্ষতা বৃদ্ধি কিংবা জ্ঞান অর্জনের লক্ষ্যে এই কর্মশালা বা কোর্সগুলিতে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারা যোগদানের সুযোগ পেয়ে থাকেন। এমনই পাঁচটি কোর্স, কর্মশালার সন্ধান রইল শিক্ষার কড়চায়।
১। রিলায়বিলিটি ইঞ্জিনিয়ারিং নিয়ে চর্চা
যে কোন বৈদ্যুতিন সামগ্রী, যন্ত্র, পরিকাঠামো ব্যবহারের নির্দিষ্ট আয়ু থাকে। সেই সময়সীমা পর্যন্ত যাতে ওই সামগ্রী বা যন্ত্র বা পরিকাঠামো যথাযথ ভাবে ব্যবহার করা যেতে পারে, তা নিশ্চিত করেন রিলায়বিলিটি ইঞ্জিনিয়ারেরা। এই বিষয় নিয়ে চর্চার জন্য বিশেষ কোর্সের আয়োজন করা হয়েছে।
- কোথায় হবে— ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরের তরফে ক্লাস করানো হবে।
- কত দিন চলবে— ছ’মাস।
- কবে— ১৩ এপ্রিল থেকে ১৭ অক্টোবর, ২০২৬।
- কারা আবেদন করতে পারবেন— ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বৈদ্যুতিন বিভাগের আধিকারিক এবং কর্মীরা।
- আবেদনের শেষ দিন— উল্লেখ করা হয়নি।
২। ডেটা সায়েন্স এবং পাইথন প্রোগ্রামিং
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ়-এর জ্ঞান থাকলে ডেটা সায়েন্স-এর মতো প্রযুক্তি নিয়ে কাজ করা সহজ হয়ে যায়। পাইথন নামক ওই বিশেষ যান্ত্রিক ভাষার খুঁটিনাটি শেখানো হবে বিশেষ কোর্সের মাধ্যমে।
- কোথায় হবে— এনআইটি রাউরকেলার তরফে অনলাইন এবং অফলাইন মাধ্যমে কোর্সের ক্লাস চলবে।
- কত দিন চলবে— পাঁচ দিন।
- কবে— ১ থেকে ৫ জুন, ২০২৬।
- কারা আবেদন করতে পারবেন— কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল বিষয় নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতেরা।
- আবেদনের শেষ দিন— ২৫ মে।
৩। ২১ শতকের আর্থ সামাজিক পরিস্থিতি নিয়ে চর্চা
যুবসমাজ নতুন সময়ের আর্থ সামাজিক পরিস্থিতি নিয়ে কী ভাবছে, তা নিয়ে চর্চা চলবে বিশেষ আলোচনাসভায়। চলচ্চিত্র, রাজনীতি, সমাজমাধ্যম, সঙ্গীত, বাক্স্বাধীনতার অধিকারের মতো একাধিক বিষয় নিয়ে মতামত প্রকাশের সুযোগ থাকছে।
- কোথায় হবে— জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে।
- কত দিন চলবে— তিনদিন।
- কবে— ২৮ থেকে ৩০ অক্টোবর, ২০২৬।
- কারা আবেদন করতে পারবেন— সাহিত্য, সমাজবিজ্ঞান, ইতিহাস, নৃতত্ত্ব, আর্বান স্টাডিজ় নিয়ে নিয়ে কাজ করছেন এমন রিসার্চ স্কলার, শিক্ষাবিদরা।
- আবেদনের শেষ দিন— ৩০ জুন।
৪। স্বাস্থ্য পরিষেবায় কৃত্রিম মেধার প্রয়োগ
কথা বলতে কষ্ট হচ্ছে, কিংবা গলার স্বর শোনা যাচ্ছে না— এমন সমস্যার সমাধানে বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। সেই যন্ত্রের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য কৃত্রিম মেধার সাহায্য নেওয়া যেতে পারে। এই কাজটি কী ভাবে করা হবে, তা নিয়ে চর্চা করা হবে বিশেষ কর্মশালায়।
- কোথায় হবে— ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজ (এনআইটি), সিকিমে।
- কত দিন চলবে— চারদিন।
- কবে— ২০ থেকে ২৪ এপ্রিল, ২০২৬।
- কারা আবেদন করতে পারবেন— ইঞ্জিনিয়ারিং শাখার পড়ুয়া, মেডিক্যাল শাখার বিশেষজ্ঞ, আইআইটি এবং এনআইটি প্রতিষ্ঠানের অধ্যাপক ও শিক্ষকরা।
- আবেদনের শেষ দিন— ৫ এপ্রিল।
৫। জেনারেশন এআই এবং মেশিন লার্নিং
কৃত্রিম মেধাকে লিখিত নির্দেশ দিয়ে তৈরি করিয়ে নেওয়া যেতে পারে ছবি, ভিডিয়ো, এমনকি সিনেমাও। কৃত্রিম মেধার এক বিশেষ শাখা জেনারেটিভ এআই-এর হাতযশে ওই কাজ করা সম্ভব। ওই প্রযুক্তিকে মেশিন লার্নিং-এর কাজে কী ভাবে ব্যবহার করা যেতে পারে, তা নিয়ে বিশেষ কোর্স করার সুযোগ রয়েছে।
- কোথায় হবে— ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), কানপুরের তরফে অনলাইনে ক্লাস করানো হবে।
- কত দিন চলবে— ছ’মাস সাত দিন।
- কবে— ২৫ এপ্রিল থেকে শুরু, ১ নভেম্বর পর্যন্ত চলবে।
- কারা আবেদন করতে পারবেন— যে কোনও বিষয়ে স্নাতকেরা যোগদান করতে পারবেন। তবে, গণিত এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ়-এর জ্ঞান থাকলে অগ্রাধিকার মিলবে।
- আবেদনের শেষ দিন— ১০ এপ্রিল।