Advertisement
E-Paper

বর্জ্য ব্যবস্থাপনও হতে পারে উচ্চশিক্ষার বিষয়, কোথায় মিলবে পড়ার সুযোগ, পেশাগত সুবিধাই বা কেমন?

এ দেশে আবর্জনা পুনর্ব্যবহারের কৌশল নিয়ে পড়াশোনার চাহিদা রয়েছে। পড়াশোনার পর কাজের সুযোগ কোথায় কেমন, র‌ইল তার সুলুকসন্ধান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ০৯:১১

ছবি: এআই সহায়তায় প্রণীত।

নিত্য ব্যবহার্য যে কোনও সামগ্রীর কোনও না কোনও অংশ এক সময় বর্জনীয়। সেই বর্জ্যই প্রতিদিন জমা হয় আস্তকুঁড়ে। হিসাব বলছে, এ দেশে প্রতি বছর ৬২ লক্ষ টন আবর্জনা তৈরি হয়। তার মধ্যে প্লাস্টিকের মতো সামগ্রীর বর্জ্যের পরিমাণ ৯ লক্ষের কাছাকাছি, যা প্রকৃতিতে মিশে যায় না। তাই মানুষকে নতুন করে ভাবতে হচ্ছে এই বর্জ্য নিয়ে।

বর্জ্য ব্যবস্থাপনা কী?

পচনশীল বা অপচনশীল আবর্জনাকেই পুর্নব্যবহারের জন্য গড়ে উঠেছে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট। ওই সব কেন্দ্রে পচনশীল জৈব বর্জ্য পদার্থ, অপচনশীল অজৈব বর্জ্য পদার্থ যেমন কাগজ, পেন্সিল এবং রবারজাত দ্রব্য, এবং প্লাস্টিক ও ইলেকট্রনিক্স সামগ্রীর অব্যবহারযোগ্য অংশগুলিকে প্রক্রিয়াকরণের কাজ করা হয়ে থাকে। এই পদ্ধতিটিকে বর্জ্য ব্যবস্থাপনা বলা হয়ে থাকে।

যাঁরা আবর্জনাকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলেন, তাঁদের ওয়েস্ট ম্যানেজমেন্ট অফিসার বলা হয়ে থাকে। এই পেশায় আসার জন্য বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট-এর কৌশল জানা প্রয়োজন। তা ছাড়াও প্রার্থীদের বিশেষ বিষয়ে ডিগ্রিও থাকতে হবে।

পড়াশোনার সুযোগ:

মূলত পরিবেশ রক্ষার জন্যই বর্জ্য ব্যবস্থাপনা করা হয়ে থাকে। এ বিষয়ে আগ্রহ থাকলে দ্বাদশের পর স্নাতক স্তরে পরিবেশ বিজ্ঞান বিষয়টি বেছে নেওয়া যেতে পারে। ওই বিষয়ের মাধ্যমেই বর্জ্য ব্যবস্থাপনার খুঁটিনাটি শিখতে পারবেন পড়ুয়ারা। কারণ সরকারি প্রতিষ্ঠানগুলিতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে স্নাতক স্তরে আলাদা করে পড়ানো হয় না। তবে, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) করানো হয়ে থাকে।

পাশাপাশি, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে ওই বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করানো হয়ে থাকে। এ ছাড়াও ইনস্টিটিউট ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং (এনপিটিইএল) থেকে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সার্টিফিকেট কোর্স করার সুযোগ পাওয়া যায়।

কী শেখানো হয়?

বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে অপচনশীল অজৈব এবং পচনশীল জৈব বর্জ্য পদার্থ চিহ্নিত করে তা পুর্নব্যবহারযোগ্য করে তোলার কৌশল শেখানো হয়ে থাকে। বর্জ্যের প্রকারভেদ অনুযায়ী, সার বা বিভিন্ন সামগ্রী কী ভাবে তৈরি করা হয়, তাও শিখে নেওয়া যেতে পারে।

কাজের সুযোগ:

ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্টে প্রসেসিং ম্যানেজার, ফিল্ড কেমিস্ট, প্লান্টে সুপারভাইজ়ার, প্রজেক্ট কো‌‌-অর্ডিনেটর, এনভায়রনমেন্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ পাওয়া যায়। ওই সমস্ত পদে বর্জ্য ব্যবস্থাপনার বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়। পদোন্নতির পর ওয়েস্ট ম্যানেজমেন্ট অফিসার হিসাবেও কাজের সুযোগ পাওয়া যাবে।

job prospect Environmental Science Govt Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy