পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি অব্যাহত। ইজ়রায়েল-ইরান সংঘর্ষ পরিস্থিতিতে সোমবার ভোরে দুবাই বিমানবন্দরের কাছেই ড্রোন হামলা হয়েছে। সাময়িক ভাবে আকাশসীমা বন্ধ করা হয়। এই পরিস্থিতিতে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) আমদাবাদের দুবাই ক্যাম্পাসের পড়ুয়া এবং কর্মীদের মূল ক্যাম্পাসে স্থানান্তর করা হবে, ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
সংবাদসংস্থা সূত্রের খবর, দুবাই ক্যাম্পাসের মোট ৩৫ জন পড়ুয়াকে আইআইএম আমদাবাদের মূল ক্যাম্পাসে নিয়ে আসা হবে। যুদ্ধ পরিস্থিতিতে যাতে পড়ুয়াদের নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং তাঁরা পঠনপাঠন চালিয়ে যেতে পারেন, সে কথা ভেবেই এমন সিদ্ধান্ত।
আরও পড়ুন:
জানা গিয়েছে, গত বছর আইআইএম আমদাবাদের দুবাই ক্যাম্পাসে চালু করা হয় এক বছরের এমবিএ প্রোগ্রাম। সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় প্রথম ব্যাচের ক্লাস। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের সূত্রপাত। কোর্সে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ইন্টার্নশিপ কর্মসূচির জন্য তখন থেকে স্পেন-এ রয়েছেন পড়ুয়ারা। এ বার সেখান থেকেই তাঁদের ভারতে ফিরিয়ে আনা হবে। আইআইএম আমদাবাদের মূল ক্যাম্পাসের নথিভুক্ত পড়ুয়াদের পাশাপাশি তাঁরাও কোর্সের সব ক্লাসে যোগ দিতে পারবেন। তবে দুবাইয়ের পরিস্থিতি নজর রাখছেন কর্তৃপক্ষ। যা খতিয়ে দেখেই পড়ুয়াদের জন্য পরবর্তী পদক্ষেপের কথা ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।