কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সঙ্গে কাজের কৌশল শিখে নেওয়ার সুযোগ মেলে। বিশেষজ্ঞেরা বিভিন্ন ক্ষেত্রে পেশাগত দক্ষতা কী ভাবে তৈরি করতে হয়, তা শেখান। এ ছাড়াও পঠনপাঠন শেষ করার পরে কী ভাবে কর্মজীবন শুরু করবেন, সেই বিষয়টি নিয়েও চর্চার সুযোগ পাওয়া যায়। এমন বিষয়েই প্রশিক্ষণ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ভুবনেশ্বর।
আইআইটি, ভুবনেশ্বরের তরফে স্কুল অফ বেসিক সায়েন্সেস, আর্থ, ওশান অ্যান্ড ক্লাইমেট সায়েন্সেস, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্সেস, ইনফ্রাস্ট্রাকচার, মেকানিক্যাল সায়েন্সেস, হিউম্যানিটিজ়, সোশ্যাল সায়েন্সেস, ম্যানেজমেন্ট, মিনারেলস, মেটালার্জিক্যাল, মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়াদের ওই প্রশিক্ষণ দেওয়া হবে। যাঁরা উল্লিখিত বিষয় নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন, তাঁরা গরমের ছুটিতে সংশ্লিষ্ট প্রশিক্ষণে যোগদানের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
কী শেখানো হবে?
উল্লিখিত বিষয় নিয়ে পড়াশোনা শেষে কাজের ক্ষেত্রে কেমন সুযোগ রয়েছে, চাকরির চাহিদা কতটা— এই সমস্ত বিষয়গুলি নিয়ে চর্চা চলবে। পাশাপাশি, গবেষণা এবং চাকরির জন্য কী ধরনের দক্ষতা থাকা প্রয়োজন, তা কী ভাবে বৃদ্ধি করা সম্ভব, সেই সম্পর্কে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
তিন থেকে আট সপ্তাহের মধ্যে প্রশিক্ষণ সম্পূর্ণ হতে চলেছে। প্রশিক্ষণ চলাকালীন প্রতিষ্ঠানের নিয়মমাফিক ফেলোশিপও দেওয়া হবে। অনলাইনে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য ১৫ এপ্রিল পর্যন্ত অনলাইন পোর্টাল চালু রাখা হবে। কবে থেকে ইন্টার্নশিপ শুরু হবে, তা প্রার্থীদের ই-মেল মারফত জানিয়ে দেবে আইআইটি, ভুবনেশ্বর।