Advertisement
E-Paper

বৈদ্যুতিন গাড়ি তৈরির প্রযুক্তিতে উচ্চশিক্ষার সুযোগ, স্নাতকোত্তর স্তরে কারা ভর্তি হতে পারবেন?

দু’বছরের স্নাতকোত্তর কোর্সটির ক্লাস অনলাইনে হতে চলেছে। হাতেকলমে প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের প্রকল্পে গবেষণার কাজও শেখার জন্য ক্যাম্পাসে আসতে হবে পড়ুয়াদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৩:৩৬

ছবি: এআই সহায়তায় তৈরি।

জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে অনেকেই বৈদ্যুতিন যানবাহন ব্যবহার করছেন। তাই এ দেশে বিদ্যুৎশক্তিচালিত স্কুটার কিংবা গাড়ির চাহিদা রয়েছে যথেষ্ট। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ৩৯ লক্ষেরও বেশি স্কুটার এবং গাড়ি বিক্রি হয়েছে। বিগত বছরের তুলনায় চলতি বছরে এই বিশেষ ধরনের যানবাহনের চাহিদা ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওই গাড়ি যে প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়ে থাকে, তা নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনার সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ভুবনেশ্বর।

প্রতিষ্ঠানের তরফে ইলেকট্রিক্যাল ভেহিকল (ইভি) টেকনোলজি বিষয়টি স্নাতকোত্তর স্তরে পড়ানো হবে। মাস্টার অফ টেকনোলজি-র (এমটেক) অধীনে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাবেন পড়ুয়ারা। এমটেক কোর্সটিতে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, ইভি পাওয়াট্রেনস সংক্রান্ত বিষয়গুলি হাতে কলমে শেখানো হবে।

মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্সের মতো বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তরেরা ওই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের অন্তত দু’বছর কোনও সংস্থার অধীনে ইঞ্জিনিয়ার হিসাবে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তবে, তা বাধ্যতামূলক নয়।

দু’বছরের স্নাতকোত্তর স্তরের কোর্সটির ক্লাস অনলাইনে করানো হবে। ক্লাসের সঙ্গে হাতেকলমে প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের প্রকল্পে গবেষণার কাজও শেখার সুযোগ পাবেন পড়ুয়ারা। হাতেকলমে শেখার ক্লাসগুলি ক্যাম্পাসে করানো হবে। এ ছাড়াও এমটেক ডিগ্রি অর্জনের পর আইআইটি ভুবনেশ্বর থেকে পিএইচডিও করতে পারবেন।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন ফি হিসাবে ২৫ হাজার টাকা জমা দিতে হবে। প্রার্থীদের আবেদন খতিয়ে দেখার পর ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবেন আইআইটি, কর্তৃপক্ষ। এর পর ই-মেল মারফত ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য জানিয়ে দেওয়া হবে। আবেদনের শেষ দিন ৭ জুলাই।

PG Admission 2026 IIT Bhubaneswar Electric Vehicles

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy