Advertisement
E-Paper

দ্বাদশে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে স্নাতকে ভর্তি! নিট, জেইই-র মতো স্কুলপাঠ্যে জোর দিতে চায় কেন্দ্র

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে উচ্চশিক্ষা ক্ষেত্রে ভর্তি হওয়ার নিয়ম বিধি পরিবর্তনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, স্নাতকে ভর্তির সময় নিট কিংবা জয়েন্ট এন্ট্রান্স-এর মতো পরীক্ষার পাশাপাশি, দ্বাদশে প্রাপ্ত নম্বরকেও সমান গুরুত্ব দিতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১২:৩৯

ছবি: সংগৃহীত।

দ্বাদশের পরীক্ষাকে সমান গুরুত্ব দেওয়ার ভাবনা কেন্দ্রের। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৫০ শতাংশ স্নাতকে ভর্তির যোগ্যতা নির্ণয়ের জন্য ধার্য রাখার প্রস্তাবনা দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। বর্তমানে ইঞ্জিনিয়ারিং, মেডিক্যালের স্নাতকে ভর্তির জন্য সর্বভারতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক প্রবেশিকায় প্রাপ্ত নম্বরকে মান্যতা দেওয়া হয়ে থাকে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, পড়ুয়াদের কোচিং সেন্টারের প্রতি নির্ভরতা কমাতেই এই প্রস্তাব করতে চলেছে মন্ত্রক। এ ছাড়াও দ্বাদশের পরীক্ষা কিংবা সর্বভারতীয় স্তরের প্রবেশিকার প্রস্তুতি নেওয়ার জন্য পড়ুয়াদের যাতে অতিরিক্ত চাপের মুখে পড়তে না হয়, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। এ ক্ষেত্রে প্রয়োজনে স্কুলের পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্নপত্রও তৈরি করা হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছে, ভর্তির ক্ষেত্রে দ্বাদশের পরীক্ষার নম্বরকে ৫০ শতাংশ গুরুত্ব দেওয়ার পাশাপাশি, কোচিং সেন্টারের ওপর নির্ভরতা কমাতে পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবেশিকার আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে। জানা গিয়েছে, চাহিদার ভিত্তিতে একাধিক বার প্রবেশিকা দেওয়ার সুযোগ নিয়েও ভাবা হচ্ছে। এ ছাড়াও কম্পিউটার নির্ভর পরীক্ষার আয়োজন সব ক্ষেত্রেই করা যেতে পারে কি না, সে বিষয়েও প্রস্তাব দেওয়া হতে পারে।

সম্প্রতি দ্বাদশের পরীক্ষায় মূল্যায়নগত ত্রুটি ও সর্বভারতীয় স্তরের প্রবেশিকায় প্রশ্নপত্র ফাঁসের মতো একাধিক বিতর্কের মুখে পড়তে হয়েছে সিবিএসই, এনটিএ-কে। এরই প্রেক্ষিতে পরিকাঠামোগত পরিবর্তনের প্রস্তাবনা দেওয়া হচ্ছে। তা কতটা কার্যকর হতে পারে— তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষামহলের একাংশ।

কোচিং সেন্টারের উপর নির্ভরশীলতা কমাতে প্রবেশিকার ধরন বদলানো কিংবা দ্বাদশের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে স্নাতকে ভর্তির যোগ্যতা যাচাইয়ের মতো নয়া নিয়মের প্রস্তাবনার খসড়া তৈরি করেছে শিক্ষামন্ত্রকের বিশেষ কমিটি। জানা গিয়েছে, ওই খসড়া চলতি সপ্তাহেই কেন্দ্রের কাছে জমা দেওয়া হবে। যদি কেন্দ্রের তরফে ওই প্রস্তাবনায় সম্মতি মেলে, সে ক্ষেত্রে নতুন শিক্ষাবর্ষে ভর্তির নিয়মে বড়সড় রদবদলের সম্ভাবনা থাকছে।

Ministry of Education UG Admission 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy