Advertisement
E-Paper

মেডিক্যাল ইমেজিং-এর কৌশল শেখার সুযোগ দেবে আইআইটি খড়্গপুর, কারা ভর্তি হতে পারবেন এই বিশেষ কোর্সে?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর-এর তরফে মাস্টার্স ইন মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোর্সটি করানো হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১১

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মেডিক্যাল ইমেজিং-এর সাহায্যে শরীর অভ্যন্তরীন সমস্যা পরীক্ষা করা হয়ে থাকে। এ ছাড়াও বর্তমানে ওই প্রযুক্তির সাহায্যে অস্ত্রোপচারেরও কাজ করেন চিকিৎসকেরা। এই প্রযুক্তি ব্যবহারের কৌশল শেখাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। প্রতিষ্ঠানের তরফে তিন বছরের স্নাতকোত্তর স্তরের কোর্স ‘মাস্টার্স ইন মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’-র মাধ্যমে ওই বিষয়ে বিশেষ জ্ঞান অর্জনের সুযোগ থাকছে।

চিকিৎসাবিদ্যায় এমবিবিএস হওয়ার পর এই কোর্সটি করার সুযোগ পাবেন পড়ুয়ারা। তবে, আগ্রহীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস)-র ডিগ্রি থাকতেই হবে। পাশাপাশি, উচ্চমাধ্যমিকে গণিত থাকা বাধ্যতামূলক। তবেই উল্লিখিত বিষয়টি পড়ার সুযোগ মিলবে।

আইআইটি, খড়্গপুরের স্কুল অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সংশ্লিষ্ট কোর্সের ক্লাস করানো হবে। তবে, পড়ুয়ারা শুধু মেডিক্যাল ইমেজিং-ই নয়, মলিকিউলার ইমেজিং অ্যান্ড ইমেজ অ্যানালিসিস, বায়োমেটিরিয়াস অ্যান্ড ইমপ্লান্টস, রিজেনারেটিভ মেডিসিন, স্টেম সেলস, মেডিক্যাল স্ট্যাটিস্টিক্স, বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টস ব্যবহারের কৌশলও শেখার সুযোগ পাবেন।

পড়াশোনার পাশাপাশি, হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। তবে, কোর্সটি করতে আগ্রহীদের একটি প্রবেশিকায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। কম্পিউটার বেসড টেস্ট-এর (সিবিটি) পদ্ধতিতে পড়ুয়াদের মেধা যাচাই করে নেওয়া হবে। মোট ১২০টি প্রশ্নের উত্তর দিতে হবে দু’ঘণ্টার ওই পরীক্ষায়। পরীক্ষা ২৯ মার্চ হতে চলেছে। তবে, পরীক্ষার জন্য ওই দিনটি ঘোষণা করা হলেও পরবর্তীতে ওই দিনটি পরিবর্তন করা হলেও হতে পারে। তাই সঠিক তারিখ জেনে নেওয়ার জন্য আইআইটি খড়্গপুরের ওয়েবসাইট-এ নজর রাখতে হবে।

পরীক্ষাটি এই রাজ্য ছাড়াও দিল্লি, মহারাষ্ট্র এবং কর্নাটকের নির্বাচিত কেন্দ্র থেকে দেওয়ার সুযোগ থাকছে। আগ্রহীদের আবেদনের জন্য অনলাইনে একটি ফর্ম জমা দিতে হবে। ওই ফর্মটির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার নথি, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, ইন্টার্নশিপের শংসাপত্রও জমা দিতে হবে। একই সঙ্গে আবেদনমূল্য হিসাবে ২,৫০০ টাকা জমা দিতে হবে। আবেদনের জন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পোর্টাল চালু থাকছে।

IIT Kharagpur admission online admission Medical Education
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy