এ বার থেকে প্রতি বছর সমাবর্তনের দিন সেরা প্রাক্তনীদের সম্মান প্রদর্শনের জন্য তাঁদের পুরস্কৃত করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। কর্মসমিতির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মোট ৫টি ক্ষেত্রের প্রাক্তনীদের পুরস্কার দেওয়া হবে। ক্ষেত্রগুলি হল- ‘অ্যাকাডেমিয়া অ্যান্ড রিসার্চ’, ‘কর্পোরেট লিডারশিপ’, ‘এন্ট্রাপ্রেনিউরশিপ’, ‘পাবলিক লাইফ অ্যান্ড ফিলানথ্রপি’ এবং ‘আর্টস, লিটারেচর অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশন’। যে সব প্রাক্তনীরা এই সব ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে নানা কাজ করেছেন তাঁরা এই পুরস্কারের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন। তবে তা বাছাই করার জন্য তৈরি করা হবে একটি উচ্চ পর্য়ায়ের কমিটি। আর এই পুরো পদ্ধতিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এসিআর-জেইউ সেলের উপরে। পুরস্কারের নাম রাখা হয়েছে ‘ডিস্টিংগুইসড অ্যালুমনাই জেইউ অ্যাওয়ার্ড’ (ডিএ-জেইউ)। তবে নমিনেশনের প্রক্রিয়া এবং সমসয়সীমা পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জানান, কর্তৃপক্ষের এই পদক্ষেপের ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থেকে কত সেরা ছাত্রছাত্রীরা পাশ করেছেন সেটাও সকলের সামনে আসবে। মানের বিচারে দেশের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট খ্যাতি রয়েছে। সেখানে পড়াশোনা করে দেশ ও বিদেশের বহু বিখ্যাত জায়গায় তাঁরা যুক্ত রয়েছেন। তাঁরা যাদবপুর বিশ্ববিদ্যালয় তথা গোটা রাজ্যের কাছে গর্বের বিষয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ তৈরি হবে বলেই আশা কর্তৃপক্ষের। এ দিন উপাচার্য বলেন, ‘‘প্রাক্তনীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই পুরস্কার। তবে কী ভাবে পুরো প্রক্রিয়া হবে সেটা খুব দ্রুত জানিয়ে দেওয়া হবে।’’