যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পালিত হল ‘হিন্দু সাম্রাজ্য দিবস’। শনিবার ওই অনুষ্ঠানে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের একাংশ। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঋষি অরবিন্দ শাখার মুখ্য শিক্ষক পলাশ মাজি জানান, মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজীর রাজ্যাভিষেকের দিনটিকেই স্মরণে রেখে শনিবার ‘হিন্দু সাম্রাজ্য দিবস’ পালন হল। শনিবার শিবাজীর ছবিতে মালা দেওয়া হয়, তার পর আরএসএস বিশেষ যোগাভ্যাসের আয়োজন করে। মারাঠা সাম্রাজ্য স্থাপনে শিবাজীর ভূমিকা আলোচিত হয়।
পলাশ বলেন, ‘‘শিবাজী শুধু মারাঠা সাম্রাজ্যই স্থাপন করেননি। হিন্দুদের সম্মান বাঁচতে শিখিয়েছিলেন। তাই এই দিনটিকে হিন্দু সাম্রাজ্য দিবস হিসেবে পালন করা হয়। আরএসএস-এর ছ’টি উৎসবের মধ্যে এটি দ্বিতীয় উৎসব।’’
গত ৬ মে বিজেপি সমর্থিত পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের সদস্যেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরেই এক সমাবেশের আয়োজন করে। অরবিন্দ ভবনের গাড়ি বারান্দার কাছে আয়োজিত ওই জমায়েত থেকে ওঠে হিন্দুত্ববাদী স্লোগান। উগ্র বামপন্থাকে উৎখাত করার হুঁশিয়ারিও দেওয়া হয়।