বিশেষ চাহিদা সম্পন্নদের শারীরিক ও মানসিক শক্তি জোগাতে সাহায্য করে নৃত্য। গবেষণায় প্রমাণ হয়েছে নাচের মাধ্যমে শারীরিক অনেক সমস্যাতেই সুরাহা হতে পারে। তবে সেই পরিচর্যা করতে পারেন কোনও বিশেষজ্ঞই।
এ বার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে বিশেষ কোর্স— ‘ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি’। এটি একটি পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা প্রোগ্রাম। এই কোর্সে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি’-র এই কোর্সটি মূলত বিশেষ চাহিদা সম্পন্ন এবং তাঁদের পরিবারের কথা ভেবেই আয়োজিত হয়েছে। তাঁরা কী ভাবে নাচের মধ্য দিয়ে নিজেদের ভাব প্রকাশ করতে পারবেন, তাঁদের মানসিক এবং শারীরিক সুস্থতা কী ভাবে সঠিক রাখা যায় সেই সব কিছু শেখানো হবে এই কোর্সটিতে।
এক বছরের কোর্স। মে মাস থেকে ক্লাস শুরু হবে। সম্পূর্ণ কোর্সটির মূল্য ৩৬ হাজার টাকা। মোট ৩০ জন বিশ্ববিদ্যালয় থেকে ‘ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি’ নিয়ে পড়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন:
মূলত স্নাতক হলেই কোর্সে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা। এমনকি যাঁরা এখন স্নাতক স্তরে পড়াশোনা করছেন, তাঁরাও আবেদন জানাতে পারবেন। আবার, বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের বাবা-মা, পরিচর্যাকারী এবং ফিজিশিয়ান থেরাপিস্ট, স্পেশ্যাল এডুকেটর, শিক্ষক এবং নার্স-সহ বিভিন্ন পেশাদারেরা এই কোর্সে যোগ দিতে পারবেন।
কোর্সে ভর্তি নেওয়া হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদনের শেষ দিন আগামী ২৭ এপ্রিল। ভর্তির ইন্টারভিউ হবে আগামী ৬ মে-র মধ্যে এবং মেধাতালিকা প্রকাশ করা হবে ৮ মে। কী ভাবে ভর্তির আবেদনপত্র জমা করবেন সেই বিষয়ে এবং বাকি বিস্তারিত জানতে আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে পারেন।