Advertisement
E-Paper

মনের যত্ন নিতে শেখাবেন বিশেষজ্ঞ, প্রশিক্ষণ কৃত্রিম মেধায় দক্ষতা বৃদ্ধিরও, কোথায় কী ভাবে সুযোগ?

দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে বিভিন্ন ধরনের কোর্স কিংবা কর্মশালা। দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ওই কোর্স বা কর্মশালা করানো হয়ে থাকে। তাতে কারা আবেদন করতে পারবেন, কী ভাবে আবেদন করবেন— সেই সংক্রান্ত তথ্য রইল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৭:১৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলার জন্য পাঠ্যবিষয়ের বাইরেও নানারকম বিষয়ে জ্ঞান অর্জন করা প্রয়োজন। সেই কারণেই স্নাতকস্তরে পড়াশোনার সঙ্গেই ক্রেডিট কোর্স বা কর্মশালায় যোগদানের সুযোগ দেওয়া হয়ে থাকে। জাতীয় শিক্ষানীতি ২০২০-র অধীনে এই বিষয়গুলি শিখে নিতে পারেন পড়ুয়ারা। সংশ্লিষ্ট কোর্স বা কর্মশালা কোন বিষয়ে করানো হয়, কী ভাবে ক্লাস হয়— সেই সম্পর্কে বিশদ তথ্য দেওয়া হল।

যন্ত্রের ভাষা শেখার সুযোগ:

কম্পিউটারকে নির্দেশ দেওয়ার জন্য যে সব ভাষা ব্যবহার করা হয়, তা শেখার সুযোগ দিচ্ছে আইআইটি প্রতিষ্ঠান। ‘ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মডেলস ফর ল্যাঙ্গুয়েজ টেকনোলজি ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে পাইথন-এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ়-এর প্রয়োগ কৌশল শেখানো হবে। এ ছাড়াও মেশিন ট্রান্সলেশন, অটোমেটিক স্পিচ রেকগনিশন-এর বিভিন্ন বিষয় নিয়েও জ্ঞান অর্জনের সুযোগ থাকছে।

Advertisement
  • কোথায় হবে— ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি।
  • কবে— ৩ থেকে ১৩ জুন।
  • কত দিন চলবে— ১০ দিন।
  • কারা যোগ দিতে পারবেন— কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, তথ্যপ্রযুক্তি কিংবা সমতুল বিষয়ের স্নাতক থেকে শুরু পিএইচডি-র পড়ুয়ারা।
  • আবেদনের শেষ দিন— ২৩ এপ্রিল।

ইঞ্জিনিয়ারিং-এর কৃত্রিম মেধা

কৃত্রিম মেধাকে হাতিয়ার করে ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে পঠনপাঠন এবং কাজের ক্ষেত্রে সুযোগ কেমন ভাবে বৃদ্ধি পেতে পারে, তা নিয়ে চর্চা চলবে। এ ছাড়াও এই প্রযুক্তি ব্যবহারের ভবিষ্যৎ কেমন, গবেষণার ক্ষেত্রে কী সুবিধা পাওয়া যেতে পারে— তা নিয়েও আলোচনা করবেন বিশেষজ্ঞেরা। চাকরি পাওয়ার জন্য কৃত্রিম মেধায় দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণও চলবে।

  • কোথায় হবে— ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), ব্যাঙ্গালোর।
  • কবে— ১ থেকে ৩ মে।
  • কত দিন চলবে— তিন দিন।
  • কারা যোগ দিতে পারবেন— ইঞ্জিনিয়ারিং শাখার পড়ুয়ারা।
  • আবেদনের শেষ দিন— উল্লেখ করা হয়নি।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বায়োলজি-র খুঁটিনাটি নিয়ে চর্চা

কোষের ভেতরে থাকা অণুর গঠন এবং তার কার্যক্ষমতা নিয়ে পড়াশোনার সুযোগ মেলে মলিকিউলার বায়োলজি বিষয়টির মাধ্যমে। একই ভাবে জীবদেহের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ নিয়েও আলাদা করে পড়াশোনা করা যায়। এই বিষয়গুলি নিয়ে উচ্চশিক্ষার পাশাপাশি, গবেষণার ক্ষেত্রে চর্চা কী ভাবে করা যেতে পারে— তা শেখানো হবে একটি কর্মশালার মাধ্যমে।

  • কোথায় হবে— জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে।
  • কবে— ১ থেকে ২৫ জুন।
  • কত দিন চলবে— ২৪ দিন।
  • কারা যোগ দিতে পারবেন— লাইফ সায়েন্সেস শাখার বিভিন্ন বিষয় নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতেরা।
  • আবেদনের শেষ দিন— ৩০ এপ্রিল।

সমাজবিজ্ঞান নিয়ে গবেষণার কৌশল

সমাজবিজ্ঞান নিয়ে গবেষণা করতে আগ্রহীদের জন্য বিশেষ কর্মশালার ব্যবস্থা করা হয়েছে। কোন বিষয় নিয়ে গবেষণা করা যেতে পারে, কী ভাবে কাজ শুরু করতে হবে, তা শেখানো হবে হাতেকলমে। ক্লাস করাবেন বিশেষজ্ঞেরা।

  • কোথায় হবে— বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে।
  • কবে— ১৫ থেকে ২৪ জুন।
  • কত দিন চলবে— ১০ দিন।
  • কারা যোগ দিতে পারবেন— এনএসওইউ-তে পাঠরতেরা।
  • আবেদনের শেষ দিন— ১০ মে।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মন ভাল রাখার উপায়

কাজ কিংবা পড়াশোনার চাপে মনের খেয়াল রাখাই কঠিন। এমনকী মন কেন খারাপ হচ্ছে, কিংবা কাজে কেন মন বসছে না— তার ব্যাখ্যাও দিতে পারেন না অনেকেই। এমন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে এবং শিক্ষকদের প্রশিক্ষণ দিতে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে। পাশাপাশি, মন কী ভাবে ভাল রাখতে হবে, তা-ও শেখাবেন বিশেষজ্ঞেরা।

  • কোথায় হবে— ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), সিকিম।
  • কবে— ২৭ এপ্রিল থেকে ১ মে।
  • কত দিন চলবে— পাঁচদিন।
  • কারা যোগ দিতে পারবেন— স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়ুয়া, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মীরা।
  • আবেদনের শেষ দিন— উল্লেখ করা হয়নি।
Training Programme Benaras Hindu University Jawharlal Nehru University IIT Guwahati Mental Wellbeing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy