বর্তমান প্রযুক্তির যুগে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে উচ্চশিক্ষায় আগ্রহী বহু পড়ুয়া। সর্বভারতীয় এবং রাজ্য স্তরে কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতকোত্তর (এমসিএ)-এর জন্য আয়োজন করা হয় বেশ কয়েকটি প্রবেশিকার। এর মধ্যে এনআইটি এমসিএ এন্ট্রান্স টেস্ট বা নিমসেট অন্যতম। প্রবেশিকার মাধ্যমে দেশের একাধিক ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইট) থেকে এমসিএ ডিগ্রি অর্জনের সুযোগ মেলে।
প্রতি বছরই দেশের কোনও এনআইটি বা আইআইআইটি-র তরফে আয়োজন করা হয় নিমসেট-এর। পরীক্ষায় প্রতি বছর যোগদান করে দেশের বিভিন্ন জায়গার এনআইটি বা আইআইআইটি।
নিমসেট ২০২৬
চলতি বছর পরীক্ষা আয়োজনের দায়িত্বে এনআইটি তিরুচিরাপল্লী। পরীক্ষায় উত্তীর্ণেরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়াও এনআইটি-র আগরতলা, ভোপাল, জামশেদপুর, পটনা, রায়পুর, কুরুক্ষেত্র, মেঘালয়, ওয়ারাঙ্গাল শাখায় যেমন ভর্তির সুযোগ পাবেন। তেমনি আইআইআইটি ভোপাল, আইআইআইটি ভাদোদরা এবং এলাহাবাদের মতিলাল নেহেরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-তে ভর্তির সুযোগ মিলবে।
আরও পড়ুন:
পরীক্ষার ধরন
মোট ১২০টি প্রশ্ন থাকবে। গণিত, বিশ্লেষণী ক্ষমতা এবং লজিকাল রিজ়নিং, কম্পিউটার সংক্রান্ত ধারণা এবং সাধারণ ইংরেজি সংক্রান্ত বিষয় থেকে। উত্তর ভুল থাকলে কাটা যাবে নম্বর। পরীক্ষার জন্য নির্ধারিত সময় দু’ঘণ্টা।
২০২৬-এর পরীক্ষা কবে?
আগামী ৬ জুন একটি শিফটে পরীক্ষার আয়োজন করা হবে। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষা গ্রহণ করা হবে সিবিটি মাধ্যমে।
পরীক্ষার জন্য প্রয়োজনীয় যোগ্যতা
শুধুমাত্র কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক বা বিসিএ ডিগ্রিধারীরা এই প্রবেশিকা দিতে পারবেন এমন নয়। পরীক্ষার্থীদের বিএসসি, বিএসসি অনার্স ডিগ্রি বা ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি থাকলে প্রবেশিকার জন্য আবেদন করতে পারবেন। তবে স্নাতকে অন্যতম বিষয় হিসাবে থাকতে হবে গণিত বা রাশিবিজ্ঞান। ন্যূনতম নম্বর থাকতে হবে ৬০ শতাংশ। যাঁদের বিই বা বিটেক ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। পরীক্ষায় আবেদনের জন্য কোনও বয়ঃসীমা নেই।
আবেদনের সময়সীমা
নিমসেট-এ আবেদন জানানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। পরীক্ষার্থীরা https://nimcet.admissions.nic.in/-এ গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের জন্য ১,২৫০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ২,৫০০ টাকা। আগামী ১ মে আবেদনের শেষ দিন।