Advertisement
E-Paper

সোমবার মাধ্যমিকের গণিত পরীক্ষা, ফর্মুলা মনে রাখা যাবে কোন উপায়ে? জানাচ্ছেন বিশেষজ্ঞ

পরীক্ষার শেষ মুহূর্তে কোন বিষয়গুলিতে নজরে দেওয়া প্রয়োজন, বাতলাচ্ছেন যোধপুর পার্ক বয়েজ় স্কুলের গণিত বিভাগের সহ শিক্ষক কল্যাণরতন মান্না।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৪
সোমবার মাধ্যমিকের গণিত পরীক্ষা।

সোমবার মাধ্যমিকের গণিত পরীক্ষা। ছবি: সংগৃহীত।

৯ ফেব্রুয়ারি সোমবার মাধ্যমিকের গণিত পরীক্ষা। শেষ মুহূর্তে নতুন করে কিছু পড়লে মাথায় রাখা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। আর, গণিত এমনই এক বিষয় যেখানে মুখস্থ নয়, দক্ষতা এবং ফর্মুলা মেনে কষতে হয়। পরীক্ষার শেষ মুহূর্তে কোন বিষয়গুলিতে নজরে দেওয়া প্রয়োজন, বাতলাচ্ছেন যোধপুর পার্ক বয়েজ় স্কুলের গণিত বিভাগের সহ শিক্ষক কল্যাণরতন মান্না।

১) কিছু বিষয়ের উপর নজর রাখতে পারলেই গণিতে একশো শতাংশ নম্বর পাওয়া যাবে। এখন টেস্ট পেপার থেকে অঙ্ক অভ্যাস করা দরকার। যদিও শুধুমাত্র পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ‘গণিত প্রকাশ’ বইয়ের অঙ্ক অভ্যাস করে পুরো নম্বর পাওয়া যায়।

২) উত্তরপত্রে কোনও অঙ্ক পুরোটা না করতে পারলেও আংশিক নম্বর পাওয়া সম্ভব। তাই কোনও অঙ্ক যতটা কষা হয়েছে ততটাই রেখে দেওয়া উচিত। আবার আটকে যাওয়া অঙ্কে বেশি সময় নষ্ট না করে পরের অঙ্কে চলে যাওয়া উচিত।

৩) যুক্তিপূর্ণ যে কোনও পদ্ধতিতে অঙ্ক করা যায়, যদি না প্রশ্নপত্রে কোনও বিশেষ পদ্ধতির উল্লেখ থাকে। পাটিগণিতের অঙ্ক বীজগাণিতিক পদ্ধতিতেও করা যাবে।

৪) প্রতিটি সমাধানের শেষে উত্তর লিখবে। প্রয়োজনীয় একক থাকলে একক সহ উত্তর লেখা বাঞ্ছনীয়।

৫) প্রতিটি স্তরে ‘=’ বা, ‘অথবা’ এর যথাযথ ব্যবহার করতে হবে। এই চিহ্নগুলি না লেখা বা উল্টো লেখার জন্য এক নম্বর কেটে নেওয়া হয়।

৬) উপপাদ্য সর্বদা বামদিকের পাতা থেকে শুরু করবে যাতে প্রমাণ লেখার জন্য পাতা ওল্টাতে না হয়। উপপাদ্য ছবি মিলিয়ে বারে বারে লিখে অনুশীলন করতে হবে।

৭) রাফ ওয়ার্ক অঙ্কের ডানদিকে লাইন টেনে দেখাতে হবে।

8) অঙ্কের দাগের ক্রমানুসারে উত্তর করতে বলা হলেও যে অঙ্ক সহজ মনে হবে সেগুলি দাগ নম্বর-সহ আগে করা ভাল। তবে কোনও একটি দাগের সবক’টি প্রশ্নের উত্তর একসঙ্গে করলে ভাল হয়।

৯) অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর সম্পূর্ণ বাক্যে না দিয়ে কেবলমাত্র সঠিক উত্তর লিখলেই হবে।

১০) অজ্ঞাত রাশি সম্পর্কে স্পষ্ট উল্লেখ করতে হবে। পরীক্ষার সময় সহজপাচ্য খাবার খাওয়া ভাল। রাতে জেগে না থাকাই ভাল। বিশেষত গণিত পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন।

অঙ্কের সূত্র মনে রাখার কৌশল:

সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমহার বৃদ্ধি/হ্রাস, গড়, মধ্যমা, সংখ্যাগুরুমান নির্ণয়ের সূত্রগুলো লেখার জন্য আংশিক নম্বর দেওয়া হয়। তাই প্রতিদিন ঘুম থেকে উঠে সূত্রগুলো লেখার অভ্যাস কর। তবে সূত্রগুলো অঙ্কের মধ্যে ব্যবহার করে বারে বারে অনুশীলন করলে বেশি মনে থাকবে।

WBBSE Exam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy